Bangladesh · 2026-11-22 21:01:00

ইউনেসকো কনফারেন্সে যাচ্ছেন ঢাবির মুমিত আল রশিদ

ইউনেসকো কনফারেন্সে যাচ্ছেন ঢাবির মুমিত আল রশিদ
নিশাপুরের কবি ওমর খৈয়ামের রুবাই কি সুরে ফিরে আসে কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে? নজরুল বর্ষে সেই সাহিত্যিক যাত্রার কথা প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে তুলে ধরবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি মুমিত আল রশিদ। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর ২০২৬) তিনি উপস্থাপন করবেন তাঁর গবেষণা প্রবন্ধ ‘নিশাপুর থেকে ঢাকা: কাজী নজরুল ইসলামের অনুবাদ ও গানে খৈয়ামের রুবাইয়াতের প্রতিধ্বনি’। পরদিন মঙ্গলবার, ২৪ নভেম্বর, একই স্থানে তিনি উপস্থাপন করবেন ‘ইবনে সিনা: বাংলাদেশে বিশ্বস্ততার মুখচ্ছবি ও প্রতীক’ শীর্ষক আরেকটি প্রবন্ধ।
এর আগে ২০২৫ সালের জুনে প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও পারস্যের কবি হাফিজ শিরাজিকে নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছিলেন মুমিত আল রশিদ। এবার তাঁর আলোচনার কেন্দ্রে থাকবেন খৈয়াম, আর সেই আলোচনার সূত্র হবে নজরুলের অনুবাদ ও গান।
মুমিত আল রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান। ২০১৯ সালে তিনি ইরানের তারবিয়্যাত মোদাররেস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
খৈয়ামের বাংলা অনুবাদ তাঁর গবেষণারও একটি বিষয়। ইরানের ন্যাশনাল লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস থেকে ফারসি ভাষায় প্রকাশিত Bengali Translations of Khayyam’s Quatrains and Their Challenges শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন’স অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন। পুরস্কারটি ছিল ২০২৩ সালের আন্তর্জাতিক প্রবন্ধ বিভাগে।

Source - www.prothomalo.com ↗