রাজধানীর লক্ষ্মীবাজারে কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম জাহাঙ্গীর আলম (৪৫)। বিস্ফোরণে তাঁর মাথা ও বাম চোখে গুরুতর আঘাত লেগেছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
আহত জাহাঙ্গীরের বড় ভাই আলমগীর হোসেন জানান, তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজেও খণ্ডকালীন মালি হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁদের বাসা রাজধানীর লালবাগের আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায়।
তিনি জানান, রোববার বিকেলে কাজ শেষে কবি নজরুল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এক দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় ওপর দিক থেকে একটি ককটেল এসে তাঁর মাথার ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি মাথা ও চোখে গুরুতর আঘাত পান।
মাথায় ককটেল পড়ল ঢাবি কর্মচারীর, বিস্ফোরণে গুরুতর আহত

তবে কারা এবং কোথা থেকে ককটেলটি নিক্ষেপ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বিস্ফোরণে জাহাঙ্গীরের মাথা ও বাম চোখে আঘাত লেগেছে। তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
Source - www.bd24live.com ↗