ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিউমার্কেট থানার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আপেল মাহমুদ (২০) ও রায়হান আহমেদ নাহিকে (১৯) কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ঢাকার শিশু আদালত-২–এর বিচারক সিরাজাম মুনীরা তাকে গাজীপুরের টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) পাঠানোর আদেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিউমার্কেট থানার এসআই মুহাম্মদ সারওয়ার জাহান মেহেদী আসামিদের আদালতে হাজির করে দুজনকে কারাগারে ও অপরজনকে শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন। শুনানির সময় আসামিদের পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুজন কারাগারে, অপরজন শিশু উন্নয়ন কেন্দ্রে

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা কলেজের বিজয়-২৪ হল ও নর্থ হলের মাঝামাঝি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা বেরিয়ে এসে তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত ছাত্ররা তাঁদের মারধর করে প্রশাসনিক ভবনের সামনে নিয়ে যান। খবর পেয়ে নিউমার্কেট থানা-পুলিশ এসে হেফাজতে নেয়। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
এ ঘটনায় ঢাকা কলেজের প্রধান সহকারী মো. আবু জায়েদ বাদী হয়ে নিউমার্কেট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন।
Source - www.prothomalo.com ↗