Bangladesh · 2026-11-22 21:28:49

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় স্তন ক্যানসারের স্ক্রিনিং কার্যক্রম
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক এলাকা বগুড়ার গাবতলীতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
আজ রোববার গাবতলী উপজেলার সৈয়দ আহম্মদ কলেজে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (এসজেডএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩০ জন চিকিৎসক অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং এসজেডএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আ ন ম মনোয়ারুল কাদির বিটু। দিনব্যাপী কর্মসূচিতে নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার শনাক্তকরণে স্ক্রিনিং, সচেতনতামূলক প্রচারণা, ভিডিও প্রদর্শনী এবং রোগটির লক্ষণ, ঝুঁকির কারণ, শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়।
কর্মসূচির শুরুতে স্তন ক্যানসার প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে প্রধানমন্ত্রীর সহধর্মিণী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের একটি বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। পরে স্তন ক্যানসারের লক্ষণ, ঝুঁকির কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের আবাসিক সার্জন শরীফ সুলতান মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে আ ন ম মনোয়ারুল কাদির বলেন, গ্রামীণ এলাকার নারী, তরুণী এবং ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতার অভাব এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত থাকায় স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি। প্রাথমিক পর্যায়ে এ রোগ শনাক্ত করা গেলে যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় স্ক্রিনিংয়ের বিষয়ে সচেতন হতে হবে।
কর্মসূচিতে সৈয়দ আহম্মদ কলেজের নারী শিক্ষার্থীদের স্তন ক্যানসার স্ক্রিনিং করা হয়।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। তাঁরা স্তন ক্যানসারের লক্ষণ, ঝুঁকি, প্রতিরোধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন ও পরামর্শ নেন।
ডা. সাজ্জাদ হোসেন রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ও রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ জহুরুল হক।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওয়াদুদুল হক তরফদার নাহিদ, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।
পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সৈয়দ আহম্মদ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

Source - www.prothomalo.com ↗