মানিকগঞ্জে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে সার না পাওয়ায় কৃষি কর্মকর্তাকে চড় মারার অভিযোগ উঠেছে কয়েকজন কৃষকদের বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) দুপুরের দিকে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নে দরগ্রাম বাজারে বাবুল ট্রেডার্স নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।
লাঞ্ছিত হওয়া ওই কর্মকর্তার নাম মো. আরিফুল ইসলাম। তিনি দরগ্রাম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সকালে দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়। তবে কৃষদের চাহিদা অনুযায়ী সার ছিল কম। সার শেষ হওয়ার পরেও অনেক কৃষক সারের জন্য দাঁড়িয়ে ছিলেন। সার শেষ হয়ে গেছে এ বিষয়টি কৃষকদের জানালে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কয়েকজন কৃষক ক্ষুব্ধ হয়ে উঠেন। এসময় উত্তেজিত কয়েকজন কৃষক উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামকে চড় মারেন।
সার না পেয়ে কৃষি কর্মকর্তাকে কৃষকদের চড়

এ ঘটনার খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, কৃষকের অতিরিক্ত সারের চাহিদ মেটানোর চেষ্টা করছি। বীজ মনিটরিং কমিটির রেজুলেশনের মাধ্যমে সার ও বীজ কমিটির কাছে পাঠানো হয়েছে। মাসিক বরাদ্দের বাইরে অতিরিক্ত সার পাওয়া গেলে ইউনিয়নের কৃষকদের মধ্যে তা বন্টন করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের সুবিধার্থে আগামী মাসের সার আগাম উত্তোলন বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলার উপপরিচালকের কাছে অবহিত করা হয়েছে।
Source - www.bd24live.com ↗