Bangladesh · 2026-11-23 07:00:00

‘চাঁদের মাটিতে’ আলু চাষ করলেন বিজ্ঞানীরা

‘চাঁদের মাটিতে’ আলু চাষ করলেন বিজ্ঞানীরা
গোল আলু, সব তরকারিতে মেশানো যায়, এমন এক প্রবাদপ্রতিম সবজি। আবার সবজি বলাও ভুল। ভাত বা গমের মতো অনেক দেশের প্রথম খাদ্যই হলো আলু। তাই কোথাও যদি প্রথম চাষবাসের কথা আসে, সবার আগে, দেখা সেখানে ধান, গম কিংবা আলু চাষ করা যায় কি না! বিজ্ঞানীরাও সে চেষ্টা করে যাচ্ছেন দূর মহাকাশে। বিশেষ করে চাঁদে। সম্প্রতি চাঁদের মাটিতে ফলিয়েছেন আলু। আর চাষের জন্য বেছে নেওয়া হয় দ্রুত বর্ধনশীল মোডক জাতের আলু ।
চাঁদের মাটিতে মানে, এই নয়, চাঁদের বুকেই আলু ফলিয়েছেন বিজ্ঞানীরা। আলু ফলিয়েছেন চাঁদ থেকে আনা মাটিতে, পৃথিবীর গবেষণাগারে।
যুক্তরাষ্ট্র আবার চাঁদে মানুষ পাঠাতে চায়। আগামী কয়েক বছরের মধ্যেই শুরু হবে অভিযান। বিজ্ঞানীরা সেখানে দীর্ঘ মেয়াদে ঘাঁটি গড়ার কথাও ভাবছেন। কিন্তু চাঁদে স্থায়ীভাবে থাকতে হলে খাবারের ব্যবস্থা থাকা জরুরি। পৃথিবী থেকে খাবার বয়ে চাঁদে নেওয়া ভীষণ ব্যয়বহুল। অবাস্তবও বটে।
এই বাস্তবতা মাথায় রেখে গবেষণা চালান যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। এই কাজে আর্থিক সহায়তা দেয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গবেষণা দলের নেতৃত্বে ছিলেন উদ্ভিদবিজ্ঞানী এমেরিক গোয়্যার। তাঁর সহ-গবেষক ছিলেন মহাকাশবিজ্ঞানী ডেভিড হ্যান্ডি। তাঁদের এই গবেষণার ফল সম্প্রতি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী এনপিজে মাইক্রোগ্র্যাভিটিতে।
চাঁদের মাটি কিন্তু পৃথিবীর মতো উর্বর নয়। বিজ্ঞানীরা চাঁদের এই মাটিকে বলেন ‘রেগোলিথ’। এটা মূলত পাথরের গুঁড়া আর ধূলিকণার এক রুক্ষ স্তর। পৃথিবীর মাটিতে যেমন পাতা পচা সার বা জৈব উপাদান থাকে, চাঁদের মাটিতে তার ছিটেফোঁটাও নেই। উদ্ভিদের বেড়ে ওঠার জন্য নাইট্রোজেন খুব জরুরি। রেগোলিথে এই নাইট্রোজেনের চরম অভাব। তার ওপর চাঁদের মাটিতে তামার মতো কিছু ভারী ধাতু মিশে থাকে। এসব ধাতু গাছের শিকড় গজানো এবং স্বাভাবিক বৃদ্ধিতে বড় বাধা হয়ে দাঁড়ায়।
ইংরেজি বলতে গিয়ে ভুল হচ্ছে না তো? বাংলাদেশে বহুল প্রচলিত ১৫টি ভুল শব্দ ও বাক্যএই জটিল সমস্যার সমাধানে প্রকৃতির চেনা এক উপাদানের সাহায্য নেন বিজ্ঞানীরা। ব্যবহার করেন ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার। কেঁচোর সাহায্যে জৈব বর্জ্য পচিয়ে এই চমৎকার জৈব সার তৈরি করা হয়। গবেষকেরা চাঁদের মাটির বৈশিষ্ট্য হুবহু নকল করে পাঁচ ধরনের কৃত্রিম রেগোলিথ তৈরি করেন। পরীক্ষায় দেখা যায়, কোনো সার ছাড়া শুধু চাঁদের নকল মাটিতে আলুগাছ মোটেও সুবিধা করতে পারছে না। ঠিকমতো ছড়াচ্ছে না গাছের শিকড় আর আলুর কন্দও তৈরি হচ্ছে না।
রেগোলিথ ও কম্পোস্টের ১০০ শতাংশ, ৮৫ শতাংশ বা ৭০ শতাংশ আয়তন অনুপাতে এবং অ্যাডকিনস মাটিতে (ডানে) জন্মানো আলু। ফসল তোলার পরের ছবিএরপর বিজ্ঞানীরা ওই কৃত্রিম মাটির সঙ্গে সামান্য ভার্মিকম্পোস্ট মেশান। মাত্র পাঁচ শতাংশ কেঁচো সার মেশানোর পরই জাদুর মতো কাজ হয়। রুক্ষ মাটির বুক চিরে আলুগাছের শিকড় গজাতে শুরু করে। ছোট ছোট আলু জন্মায় মাটিতে। তবে আসল চমক অপেক্ষা করছিল তখনো। গবেষকেরা এরপর মাটির সঙ্গে ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশান। এরপরেই জাদুর মতো কাজ করে সবকিছু। আলুর ফলন গিয়ে দাঁড়ায় পৃথিবীর উর্বর মাটির সমান।
এ বিষয়ে এমেরিক গোয়্যার বলেন, চাঁদের মাটিতে নাইট্রোজেন নেই বললেই চলে। তাই বাইরে থেকে সঠিক পুষ্টির জোগান না দিলে সেখানে কোনো ফসলই টিকবে না। ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি তৈরি হবে। তখন নভোচারীদের বর্জ্য থেকে এমন কম্পোস্ট তৈরি করে চাষাবাদ করা সম্ভব।
কিন্তু এত ফসল থাকতে আলুই কেন ফলানোর চেষ্টা করলেন বিজ্ঞানীরা। এ বিষয়ে এমেরিক গোয়্যার বলেন, ‘অন্য যেকোনো ফসলের চেয়ে আলুর ফলন ক্ষমতা বেশি। তাই কম জমিতে, কম খরচে অনেক বেশি ফলন পাওয়া যায় আলুতে। তাই কম খরচেই মেলে বেশি ক্যালরি।’ গোয়্যারের মতে, আলু খুব পুষ্টিকর খাবার। কলার চেয়েও আলুতে অনেক বেশি পটাশিয়াম থাকে। এতে প্রচুর ভিটামিন সি ও ভালো মানের প্রোটিন আছে। পাশাপাশি আলু খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ। তাই ক্ষুধা কম লাগে।
ভ্যান গঘের ছবি নিলামে ১ হাজার ৯০০ কোটি টাকায় বিক্রি, দামে নতুন রেকর্ডচাইলেই চাঁদের পাথুরে ধুলায় আলু চাষ করা এখনই সম্ভব নয়। বরং ভবিষ্যতের সম্ভাব্যতা যাচাইয়ের জন্যই এই গবেষণা করা হয়েছে।
চাঁদে আলু চাষের বিস্ময়কর সাফল্য এসেছে বটে, তবে এখনি চাঁদের মাটিতে আলু ফলবে না। কারণ, আলু চাষের পুরো পরীক্ষাটি চালানো হয়েছে পৃথিবীর একটি সুরক্ষিত গ্রিনহাউসে। সেখানে সূর্যের আলো ও কৃত্রিম আলোর ব্যবস্থা করা হয়। দিনের তাপমাত্রা রাখা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা নামিয়ে আনা হয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসে।
গ্রিনহাউসে আসল চাঁদের মাটির বদলে ব্যবহার করা হয়েছে ল্যাবে তৈরি নকল রেগোলিথ। তা ছাড়া গবেষণার কাজে ছোট পাত্র ব্যবহার করা হয়। তাই উৎপাদিত আলুগুলোর ওজন বেশ কম, গড়ে ১০ গ্রামেরও নিচে। অবশ্য পরে বড় পাত্রে চাষ করে তুলনামূলক বড় আকারের আলুও পেয়েছেন বিজ্ঞানীরা।
মজার ব্যাপার হলো, গবেষকেরা এই আলুর পুষ্টিগুণ এবং নিরাপত্তার দিকটি ল্যাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছেন। কিন্তু তাঁরা নিজেরা এখনো একটি আলুও চেখে দেখেননি। চাঁদের আসল পরিবেশে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর ছয় ভাগের এক ভাগ। সেখানে তেজস্ক্রিয়তাও অনেক বেশি। সেই প্রতিকূল পরিবেশে এই আলুগাছ কেমন আচরণ করবে, তা এখনো অজানা।
চাঁদের বুকে সবুজ ফসলের মাঠ গড়ে তুলতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। তবু এই গবেষণা বিজ্ঞানীদের আশা দেখাচ্ছে। সঠিক পুষ্টি আর অনুকূল পরিবেশ দিতে পারলে মহাকাশের রুক্ষ মাটিতেও প্রাণের সঞ্চার করা সম্ভব। অদূর ভবিষ্যতে চাঁদের বুকে মানুষের স্থায়ী বসতি গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, এই ক্ষুদ্র আলুগুলোই হয়তো সেই বিশাল যাত্রার রসদ জোগাবে।
সূত্র: নেচার ও রয়টার্স
অন্তত ১৩১ বার ব্যবহার না করলে টোট ব্যাগ প্লাস্টিকের চেয়েও ক্ষতিকর হতে পারে

Source - www.kishoralo.com ↗