Bangladesh · 2026-11-23 09:23:45

আখাউড়ায় গ্রেপ্তার নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশের ওপর হামলা, আহত ৪

আখাউড়ায় গ্রেপ্তার নেতাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা: পুলিশের ওপর হামলা, আহত ৪
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হওয়া উপজেলা এনসিপির এক নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা ও থানার ভেতরে ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। এতে উপপরিদর্শক (এসআই) জাহিদসহ অন্তত চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশ। তিনি আখাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক।

পুলিশের অভিযোগ, ছায়েব আলীকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে তার সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এতে চার পুলিশ সদস্য আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছায়েব আলী এর আগে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছায়েব আলীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। পরে থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

ওসি আরও জানান, গ্রেপ্তার ছায়েব আলীকে রাতেই ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗