নভেম্বর মাস শীতের শুরু। শীতকাল দাবিদাওয়া আদায়ের সময়। দাবিদাওয়া আদায় করার জন্য প্রথমেই যে কাজ করতে হবে, তা হচ্ছে দেশ অচল করে দেওয়া। সমস্যা হচ্ছে, দেশ অচল করে দিতে হলে রাজপথে নামতে হবে। রাজপথে নামলে পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান থেকে ছোড়া গরম পানির ধকল সবার সহ্য হবে না। আবার পুলিশ যদি ছুঁতে পারে তাহলে নিশ্চিত ছত্রিশ ঘা। যেখানে ডাক্তার দেখানোর পয়সাই নেই, সেখানে জেনেশুনে পুলিশের বাড়ি খেতে যাওয়া বোকামি। আর পুলিশ ধরে ডলা দিয়ে যদি জেলে পাঠিয়ে দেয় ভায়া চৌদ্দ শিক, তাহলে তো সেখানেই সব শেষ।
তাই আমি দাবি আদায়ে লাঠি না ভেঙে সাপ মারার ফর্মুলায় গায়ে ফুলের টোকা না লাগিয়ে দেশ অচল করে দেওয়ার ৫টি সহজ উপায় আবিষ্কার করেছি। যাচাই করে দেখতে পারেন। এর জন্য লাগবে শুধু মব তৈরি করা। জব তৈরি করতে না পারলেও মব তৈরি করতে আমরা যথেষ্ট পারদর্শী। তাই দেশ অচল করার ফলাফল পেতে শিগগিরই নিচের ৫টি উপায়ের চর্চা শুরু করে দিন।
যে ৫টি উপায়ে দেশ অচল করে দেওয়া যায়!

১. সবাই একসঙ্গে ছুটির অ্যাপ্লিকেশন করুন। কেউ অফিসে যাবেন না। অফিস থাকবে, বস থাকবে, চেয়ার-টেবিল থাকবে। শুধু কাজ করার মানুষ থাকবে না। দেশ অচল হয়ে যাবে।
২. মাইকে ঘোষণা দিয়ে সবাই একসঙ্গে চাকরি থেকে রিজাইন করুন। দেশ অচল হয়ে যাবে। বসরা প্রথমবারের মতো আপনাদের ধরে রাখতে আপনাদের পেছনে ঘুরবে। দাবি আদায় হলে রেজিগনেশন লেটার উইথড্র করে নেবেন।
৩. সবাই একসঙ্গে ওয়ার্ক ফ্রম হোম করবেন বলে ঘোষণা দিন। আপনারা অফিসে না গিয়ে এআইয়ের সাহায্য নিয়ে সারা দিন সোশ্যাল মিডিয়ায় ভয়ংকর লেভেলের গুজব ছড়াতে থাকুন। দেখবেন দেশ এত দ্রুত অচল হয়ে যাবে যে আপনাদের দাবিদাওয়া পূরণ করার পরও দেশকে সচল করা সম্ভব হবে না।
৪. সবাই একসঙ্গে পাওনা ও আগাম বেতন আর বোনাসের হিসাব বুঝে নিতে চান। এত মানুষের চাওয়ার হিসাব মেলাতে গিয়ে দেশ অচল হয়ে পড়বেই পড়বে।
৫. সবাই একসঙ্গে ব্যাংক থেকে নিজের আমানত তুলে নেওয়ার আবেদন জমা দিন। এতে শুধু দেশ অচলই হয়ে যাবে না, দেশ দেউলিয়াও হয়ে যাবে। আপনার দাবি পূরণ না করে দেশ ফিরে পাওয়া যাবে না।
দেশ অচল করে দেওয়ার আরও ভয়াবহ উপায় জানতে ইনবক্স করুন।
গোয়েন্দা মন্টু হোমস ও সিলিন্ডার রহস্য
লাভের ওপর লাভ
মুখে এক, আর মনে?
আমার আছে পাসপোর্ট
এলপিজি এক্সপ্রেস
আপা যেভাবে দেশে ফিরতে পারেন
সংবিধিবদ্ধ সতর্কীকরণ
The post যে ৫টি উপায়ে দেশ অচল করে দেওয়া যায়! appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗