Bangladesh · 2026-11-23 11:01:00

পোষা প্রাণী থেকে মানুষের দেহে পরজীবী কীভাবে ছড়াচ্ছে

পোষা প্রাণী থেকে মানুষের দেহে পরজীবী কীভাবে ছড়াচ্ছে
পোষা কুকুর বা বিড়াল শুধু পরিবারের সদস্য নয়, তাদের সুস্থতার সঙ্গে জড়িয়ে আছে মানুষের স্বাস্থ্যও। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগের ঝুঁকিপূর্ণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষায় সামান্য অবহেলাও কখনো কখনো বড় বিপদের কারণ হতে পারে। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক, খাবার ও পরিচ্ছন্নতার দিকে নজর দিই। কিন্তু মশার মাধ্যমে ছড়াতে পারে—এমন কিছু পরজীবী সংক্রমণ সম্পর্কে অনেক পোষা প্রাণীর মালিকই সচেতন নন। এর মধ্যে অন্যতম হলো ডিরোফিলারিয়া গোত্রের পরজীবী।
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমসে প্রকাশিত একটি গবেষণা এ বিষয়কে নতুন করে আলোচনায় এনেছে। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ক: ফার্স্ট কনফির্ম পারসিস্টেন্ট মাইক্রোফিলারিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রিপ্যান্স ইনফেকশন’। গবেষণায় ক্রোয়েশিয়ার ৫৪ বছর বয়সী এক নারীর শরীরে ডিরোফিলারিয়া রিপ্যান্স পরজীবীর দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রায় চার মাস ধরে ওই নারীর রক্তে একাধিকবার পরজীবীটির মাইক্রোফিলারিয়া শনাক্ত করা হয়। এর আগে মানুষের শরীরে এ ধরনের দীর্ঘস্থায়ী মাইক্রোফিলারিয়া থাকার এমন নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।
মশার মাধ্যমে প্রাণী থেকে মানুষের শরীরে
ডিরোফিলারিয়া রিপ্যান্স একধরনের ফাইলেরিয়াল পরজীবী, যা মূলত কুকুরের শরীরে বসবাস করতে পারে। সংক্রমিত প্রাণীর রক্ত থেকে মশা পরজীবীটির লার্ভা গ্রহণ করে। পরে সেই মশা অন্য প্রাণী কিংবা মানুষকে কামড়ালে সংক্রমণ ছড়াতে পারে। অর্থাৎ এখানে মশা হলো সংক্রমণের বাহক।
কুকুর এই পরজীবীর অন্যতম প্রধান রিজার্ভার বা সংরক্ষণকারী পোষক। আক্রান্ত কুকুরের শরীরে অনেক সময় সুস্পষ্ট লক্ষণ দেখা যায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে ত্বকের নিচে গুটি, চোখের আশপাশে পরজীবীর অবস্থান কিংবা প্রদাহজনিত সমস্যা দেখা দিতে পারে। মানুষের শরীরে সংক্রমণ হলে ত্বকের নিচে গুটি, চোখের কনজাংটিভার নিচে পরজীবীর অবস্থান, চুলকানি, লালচে দাগ কিংবা অস্বস্তি তৈরি হতে পারে।
গবেষণায় আলোচিত নারীর ক্ষেত্রে প্রথমে হাতের ওপরের অংশে ত্বকের নিচে একটি গুটি পাওয়া যায়। অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণের পরও তাঁর শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিতে থাকে। রক্ত পরীক্ষায় ইওসিনোফিলের মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি একাধিকবার মাইক্রোফিলারিয়া শনাক্ত হয়। পরবর্তী সময়ে আণবিক পরীক্ষার মাধ্যমে ডিরোফিলারিয়া রিপ্যান্স সংক্রমণ নিশ্চিত হয়।
একটি বিষয় মনে রাখা জরুরি, মানুষের শরীরে এই পরজীবীর সংক্রমণ হলেও সাধারণত মানুষ থেকে মানুষে সরাসরি ছড়ায় না। সংক্রমণ ছড়াতে মশার ভূমিকা প্রয়োজন, যা অনেকটা ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো।
বাংলাদেশের বাস্তবতায় কতটা গুরুত্বপূর্ণ
বাংলাদেশে ডিরোফিলারিয়া রিপ্যান্স সংক্রমণের বিস্তার সম্পর্কে পর্যাপ্ত গবেষণালব্ধ তথ্য এখনো নেই। তবে ডিরোফিলারিয়া গোত্রের অন্য একটি প্রজাতি ডিরোফিলারিয়া ইমিটিস বা হার্টওয়ার্মের উপস্থিতি বাংলাদেশে আগেই শনাক্ত হয়েছে। এ দুটি পরজীবী একই গোত্রের হলেও এদের সংক্রমণ ও রোগের প্রকাশ এক নয়। ডিরোফিলারিয়া ইমিটিস সাধারণত কুকুর বা বিড়ালের হৃৎপিণ্ডে থাকে, এ জন্য একে হার্টওয়ার্ম বলে।
২০১৯ সালে রিসার্চ ইন অ্যাগ্রিকালচার, লাইভস্টক অ্যান্ড ফিশারিজ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ময়মনসিংহ পৌর এলাকায় কুকুর, শিয়াল ও বিড়ালের মধ্যে ডিরোফিলারিয়া ইমিটিস সংক্রমণ নিয়ে অনুসন্ধান করা হয়। গবেষণায় পরীক্ষিত কুকুরের ৫৬ শতাংশ এবং শিয়ালের ৭১ দশমিক ৪ শতাংশের শরীরে হার্টওয়ার্ম শনাক্ত হয়েছিল। পরীক্ষিত বিড়ালগুলোর মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি। গবেষণায় মশার মধ্যেও পরজীবীটির উপস্থিতি শনাক্ত করা হয়।
এ ছাড়া ২০১৯ সালে প্রকাশিত আরেকটি গবেষণায় ময়মনসিংহের ৩০টি বেওয়ারিশ কুকুরের মধ্যে ৫০ শতাংশের শরীরে ডিরোফিলারিয়া ইমিটিস সংক্রমণের প্রমাণ পাওয়া যায়। ২০১৩ সালে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি কুকুরের হৃৎপিণ্ডে এই পরজীবীর উপস্থিতি নিয়েও আন্তর্জাতিক গবেষণা প্রকাশিত হয়েছিল।
তবে এসব গবেষণার কোনোটিই বাংলাদেশে ডিরোফিলারিয়া রিপ্যান্স সংক্রমণের প্রমাণ নয়। বরং এগুলো দেখায়, বাংলাদেশে মশাবাহিত ডিরোফিলারিয়া পরজীবী নিয়ে গবেষণা ও নজরদারি বাড়ানোর প্রয়োজন রয়েছে।
বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ বিভিন্ন শহরে পোষা কুকুর ও বিড়াল পালনের প্রবণতা বাড়ছে। এসব প্রাণীর অনেকেই বাসার ভেতরে থাকলেও নিয়মিত হাঁটতে বাইরে যায়, বারান্দা বা ছাদে সময় কাটায় কিংবা মশার সংস্পর্শে আসে। ফলে শুধু ঘরের মধ্যে রাখা কিংবা নিয়মিত গোসল করানোকে সম্পূর্ণ সুরক্ষা হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
পোষা প্রাণীর মালিকদের যে বিষয়গুলো জানা জরুরি
একজন পোষা প্রাণীর মালিক হিসেবে প্রথম দায়িত্ব হলো প্রাণীটির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা। অনেক সময় কুকুরের শরীরে পরজীবী থাকলেও প্রাথমিক পর্যায়ে দৃশ্যমান কোনো লক্ষণ থাকে না। তাই শুধু বাহ্যিক সুস্থতা দেখে সংক্রমণের ঝুঁকি উড়িয়ে দেওয়া ঠিক নয়।
প্রথমত, নিয়মিত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কুকুরের বসবাসের পরিবেশ, বয়স, বাইরে যাতায়াত এবং স্থানীয় সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নির্ধারণ করবেন। হার্টওয়ার্মের ক্ষেত্রে রক্তের অ্যান্টিজেন পরীক্ষা এবং মাইক্রোফিলারিয়া শনাক্তকরণ গুরুত্বপূর্ণ। সন্দেহজনক ক্ষেত্রে প্রজাতি শনাক্ত করতে আণবিক পরীক্ষার প্রয়োজন হতে পারে।
দ্বিতীয়ত, মশা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে। বাসার আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও ছাদের পানি জমার স্থান পরিষ্কার রাখা জরুরি। প্রয়োজনে প্রাণীর জন্য নিরাপদ মশা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে মানুষের জন্য ব্যবহৃত যেকোনো মশা প্রতিরোধক সরাসরি কুকুর বা বিড়ালের শরীরে ব্যবহার করা যাবে না। বিশেষ করে কিছু রাসায়নিক উপাদান বিড়ালের জন্য বিষাক্ত হতে পারে।
তৃতীয়ত, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কৃমিনাশক বা অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ ব্যবহার করা উচিত নয়। হার্টওয়ার্ম প্রতিরোধে ব্যবহৃত ওষুধের কার্যকারিতা, মাত্রা ও প্রয়োগের সময়সীমা প্রাণীর স্বাস্থ্য ও ঝুঁকি অনুযায়ী নির্ধারণ করতে হয়। সব ধরনের কৃমির ওষুধ সব ধরনের পরজীবীর বিরুদ্ধে কার্যকর নয়।
চতুর্থত, পোষা প্রাণীর শরীরে অস্বাভাবিক গুটি, চোখে প্রদাহ, দীর্ঘস্থায়ী চুলকানি, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের কাছে নিতে হবে। বিশেষ করে হার্টওয়ার্ম সংক্রমণে কাশি, ব্যায়াম সহ্য করতে না পারা ও শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিতে পারে। এসব লক্ষণ দেখা দিলে অবহেলা করা বিপজ্জনক।
বিশ্বের সবচেয়ে সুন্দর হাঁস দেখতে দর্শনার্থীদের ভিড়একটি প্রাণীর স্বাস্থ্য মানেই পরিবারের সুরক্ষা
গবেষণাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, প্রাণী, মানুষ ও পরিবেশের স্বাস্থ্যকে আলাদা করে দেখার সুযোগ নেই। চিকিৎসাবিজ্ঞানে এই সমন্বিত ধারণাকে বলা হয় ওয়ান হেলথ। মশা, পরজীবী, প্রাণী এবং মানুষের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করেই এ ধরনের সংক্রমণ প্রতিরোধের পরিকল্পনা করতে হয়।
বাংলাদেশে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবায় এখনো অনেক ক্ষেত্রে সচেতনতার ঘাটতি রয়েছে। অনেক মালিক প্রাণীটি অসুস্থ হওয়ার পর সেটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান। অথচ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে অনেক সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
একজন ইন্টার্ন ভেটেরিনারিয়ান হিসেবে আমার কাছে বিষয়টি শুধু একটি পরজীবী সংক্রমণের গবেষণা নয়; বরং এটি পোষা প্রাণীর মালিকদের জন্য একটি সতর্কবার্তা। পোষা কুকুর বা বিড়ালকে ভালোবাসা মানে শুধু খাবার দেওয়া, আদর করা কিংবা সুন্দর পরিবেশে রাখা নয়, তাদের রোগ প্রতিরোধ ও নিয়মিত স্বাস্থ্যসেবাও নিশ্চিত করা।
মনে রাখতে হবে, সুস্থ পোষা প্রাণী মানেই সুস্থ পরিবার ও নিরাপদ পরিবেশের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তাই পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষাকে ব্যক্তিগত দায়িত্বের পাশাপাশি জনস্বাস্থ্যের অংশ হিসেবেও দেখতে হবে।
ইন্টার্ন ভেটেরিনারিয়ান (ডিভিএম), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং সভাপতি, বাকৃবি বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗