Bangladesh · 2026-11-23 13:45:00

বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না

বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না
গলায় একাধিক সোনার চেইন, হাতে ভারী ব্রেসলেট, চোখে কালো চশমা। বাপ্পি লাহিড়ীর এই সাজ যতটা পরিচিত ছিল, তাঁর সোনার গয়নার ওজন নিয়ে কৌতূহলও ছিল ততটাই। মঞ্চে কিংবা কোনো অনুষ্ঠানে তাঁকে দেখলেই দর্শকের দৃষ্টি যেত ঝলমলে গয়নায়। গান দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখা এই শিল্পী এত সোনা কেন পরতেন? তাঁর সংগ্রহে আসলে কতটা সোনা ছিল? বাংলাদেশের আজকের বাজারদরে তার মূল্যই–বা কত?
এই কৌতূহলের একটি উত্তর পাওয়া যায় ২০১৪ সালের নির্বাচনী হলফনামায়। তখন নিজের নামে ৭৫৪ গ্রাম সোনার গয়নার ঘোষণা দিয়েছিলেন বাপ্পি। সঙ্গে ছিল ৪ কেজি ৬২০ গ্রাম রুপা। অর্থাৎ সোনা–রুপা মিলিয়ে ওজন ছিল ৫ কেজি ৩৭৪ গ্রাম। বাংলাদেশের আজকের ২২ ক্যারেট সোনার দর ধরে শুধু তাঁর ঘোষিত সোনার মূল্যই দাঁড়ায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা।
বাংলাদেশি তারকারা স্মরণ করলেন বাপ্পি লাহিড়ীকেহলফনামায় যা জানিয়েছিলেন
২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সে সময় জমা দেওয়া হলফনামায় তাঁর ৭৫৪ গ্রাম সোনার গয়নার মূল্য উল্লেখ ছিল ১৭ লাখ ৬৭ হাজার ৪৫১ ভারতীয় রুপি। রুপার ঘোষিত মূল্য ছিল ২ লাখ ২০ হাজার রুপি।
তবে বাপ্পির চেয়ে বেশি সোনার গয়না ছিল তাঁর স্ত্রী চিত্রাণী লাহিড়ীর নামে। হলফনামা অনুযায়ী, তাঁর ছিল ৯৬৭ গ্রাম সোনা, যার ঘোষিত মূল্য ২০ লাখ ৭৪ হাজার ৮৩০ রুপি। এ ছাড়া ছিল ৮ কেজি ৯০০ গ্রাম রুপা ও ৩ দশমিক ২ ক্যারেট হীরা। স্বামী–স্ত্রীর ঘোষিত সোনার মোট ওজন ছিল ১ কেজি ৭২১ গ্রাম।
আইএমডিবির তথ্যমতে, দীর্ঘ ক্যারিয়ারে বাপ্পি লাহিড়ী পাঁচ হাজার গানে সুর দিয়েছেন। এই সময়ে পাঁচ শতাধিক সিনেমার গান গেয়েছেন। তবে নব্বই দশকে একবার সবকিছু থেকেই কিছুটা বিরতি নিয়েছিলেনবাংলাদেশের আজকের দরে কত
বাংলাদেশের বাজারে আজ সোমবার ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১৬ হাজার ৯৮৫ টাকা। এই দর ধরে বাপ্পির ঘোষিত ৭৫৪ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা। চিত্রাণীর ৯৬৭ গ্রাম সোনার মূল্য প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ স্বামী–স্ত্রীর নামে ঘোষিত মোট ১ কেজি ৭২১ গ্রাম সোনার বর্তমান আনুমানিক মূল্য ২ কোটি ৯২ লাখ ৩১ হাজার ১৮৫ টাকা।
একইভাবে ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম ২৬০ টাকা ধরে দুজনের ঘোষিত মোট ১৩ কেজি ৫২০ গ্রাম রুপার মূল্য প্রায় ৩৫ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে তাঁদের ঘোষিত সোনা–রুপার মূল্য দাঁড়ায় প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা। বাপ্পির ঝলমলে সাজ দেখে বিপুল সোনার সংগ্রহের ধারণা হলেও প্রকাশ্য ঘোষণায় তাঁর নিজের সোনা ছিল এক কেজির কম; স্বামী–স্ত্রীর মিলিয়েও দুই কেজির কম। তবে এটি ২০১৪ সালের ঘোষিত সম্পদের হিসাব। (গয়নার ক্যারেট জানা না থাকায় বর্তমান মূল্য হিসাব করা হয়েছে ২২ ক্যারেটের দর ধরে।)
পরিবারের সদস্যদের সঙ্গে বাপ্পি লাহিড়ীমায়ের দেওয়া চেইন থেকে শুরু
বাপ্পির কাছে সোনা শুধু সাজের অনুষঙ্গ ছিল না; এর সঙ্গে জড়িয়ে ছিল পারিবারিক স্মৃতি ও সৌভাগ্যের বিশ্বাস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর প্রথম সোনার চেইনটি দিয়েছিলেন মা। তাতে ছিল বিশেষ লকেট। তাঁর গয়নার সংগ্রহে ছিল নানা ধর্মীয় অনুষঙ্গের লকেটও। স্ত্রী চিত্রাণীর দেওয়া একটি বড় চেইনে ছিল ইংরেজি ‘বি’ অক্ষর। এসব গয়নাকে আশীর্বাদের সঙ্গে মিলিয়ে দেখতেন তিনি।
সাজের অনুপ্রেরণা পেয়েছিলেন প্রিয় শিল্পী এলভিস প্রিসলির কাছ থেকেও। এলভিসের সোনার হার দেখে তাঁরও তেমন গয়না পরার ইচ্ছা হয়েছিল। পরে সোনার চেইন, ব্রেসলেট ও কালো চশমা মিলিয়েই তৈরি হয় বাপ্পির নিজস্ব পরিচিত সাজ।
গয়নাগুলো এখন কোথায়
বাপ্পির মৃত্যুর পর তাঁর গয়নার ভবিষ্যৎ নিয়েও কৌতূহল তৈরি হয়। ২০২২ সালের মার্চে ছেলে বাপ্পা লাহিড়ী জানান, বাবার প্রিয় গয়নাগুলো সংরক্ষণ করতে চায় পরিবার। তাঁর ভাষ্য অনুযায়ী, সোনা বাবার কাছে নিছক ফ্যাশন ছিল না; এর সঙ্গে তাঁর গভীর মানসিক ও আধ্যাত্মিক টান ছিল। ভোর পাঁচটার ফ্লাইট ধরতে গেলেও গয়না পরে বের হতেন তিনি।
গয়নার পাশাপাশি বাবার চশমা, টুপি, ঘড়ি ও জুতার সংগ্রহও মানুষের দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন বাপ্পা। সে জন্য জাদুঘরে প্রদর্শনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
শেষযাত্রায় বলিউডের সবার প্রিয় ‘বাপ্পিদা’তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে কি না কিংবা গয়নাগুলো বর্তমানে ঠিক কোথায় সংরক্ষিত আছে, তার নির্ভরযোগ্য প্রকাশ্য তথ্য পাওয়া যায়নি। তবে স্মৃতিচিহ্ন হিসেবে এগুলো সংরক্ষণের ইচ্ছা যে পরিবারের ছিল, তা স্পষ্ট।
বাপ্পি লাহিড়ী মারা যান ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে, ৬৯ বছর বয়সে। তাঁর গান যেমন রয়ে গেছে শ্রোতাদের কাছে, তেমনি গলায় সোনার চেইন আর চোখে কালো চশমার ছবিটিও হয়ে আছে তাঁর স্মৃতির অবিচ্ছেদ্য অংশ।
আইএএনএস, রেডিফ, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗