বগুড়ার শেরপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবু সাঈদ সরকার।
শেরপুরে ৩ হাজার ১০০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুলফিকার হায়দর ও মাসুদ রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুবেল আমিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় কৃষকেরা। কৃষি বিভাগ জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এই সুবিধা পাচ্ছেন। প্রত্যেকে বিনামূল্যে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার পাবেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এই প্রণোদনা সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়াবে, উৎপাদন খরচ কমাবে এবং দেশের ভোজ্যতেলের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Source - www.bd24live.com ↗