Bangladesh · 2026-11-23 15:33:23

খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ

খেলতে খেলতে কেঁদে ওঠে ছোট্ট আবদুল্লাহ, পাশে দেখা যায় সাপ, হাতে ছোবলের দাগ
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের ভেতরে খেলার সময় বিষধর সাপের ছোবলে মো. আবদুল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স ছিল ২১ মাস। গতকাল রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর একমাত্র ছেলে।
ওসমান আলীর চাচা রুকন উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খাচ্ছিল। এ সময় ঘরের দরজার পাশে বসে খেলছিল শিশুটি। হঠাৎ শিশুটি কেঁদে উঠলে তার মা ও দাদি এগিয়ে গিয়ে দেখেন, পাশে একটি সাপ। সাপটি দ্রুত চলে যায়। এরপর শিশুটির জামা খুলে ডান হাতের বগলের কাছে সাপের ছোবলের দুটি দাগ ও রক্ত দেখতে পান পরিবারের সদস্যরা।
রুকন উদ্দীন আরও বলেন, রাত সাড়ে নয়টার দিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে অ্যান্টিভেনম (সাপে কাটা রোগীর ভ্যাকসিন) ইনজেকশন দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহরম আলী প্রথম আলোকে বলেন, শিশুটি তার মা–বাবার একমাত্র সন্তান ছিল। শিশুটি কেঁদে ওঠার পর সাপের পাশাপাশি একটি ব্যাঙও দেখতে পেয়েছিলেন পরিবারের সদস্যরা। তাই প্রথমে তাঁরা ভেবেছিল ব্যাঙ কামড় দিয়েছে। পরে ছোবলের দাগ দেখতে পেয়ে সাপে দংশন করার বিষয়টি বুঝতে পারেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুল হক প্রথম আলোকে বলেন, শিশুটির শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই অ্যান্টিভেনম দিয়েই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

Source - www.prothomalo.com ↗