Bangladesh · 2026-11-23 15:21:39

মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে

মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে
দীর্ঘদিন বেঁচে থাকার স্বপ্ন অনেকেই দেখেন। আর তাই যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে মানুষের দীর্ঘ জীবন বা অমরত্ব লাভের জন্য চলা বিভিন্ন গবেষণায় বিনিয়োগ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে মৃত্যুকে ঠেকিয়ে রাখার কোনো পদ্ধতি আবিষ্কার করা যায়নি এখনো। না গেলে কী হবে? আমরা যা-ই করি না কেন দীর্ঘায়ুর একটি সীমা সব সময় থাকবে কি না, তা নিয়ে ভাবা দরকার। বিজ্ঞানীদের মতে, ক্যানসার, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত না হলেও সময়ের সঙ্গে সঙ্গে শরীরের সক্ষমতা ধীরে ধীরে কমে যায়। শরীরের অসংখ্য কাঠামোগত ও বিপাকীয় ব্যবস্থার ভারসাম্য দুর্বল হয়ে পড়ে। ফলে খুব কম মানসিক বা শারীরিক চাপ নিয়ে জীবন যাপন করলেও মানুষের আয়ু সর্বোচ্চ ১২০ থেকে ১৫০ বছর হতে পারে। এরপর কোনো দুর্ঘটনা বা রোগ না হলেও মানুষের মৃত্যু ঘটে।
২০২১ সালের মে মাসে নেচার কমিউনিকেশনস সাময়িকীতে মানুষের বার্ধক্যের গতি নিয়ে একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছিলেন সিঙ্গাপুরভিত্তিক জেরো নামের একটি প্রতিষ্ঠানের তৎকালীন গবেষক টিমোথি পাইরকভ ও তাঁর সহকর্মীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়ার তিনটি বড় জনগোষ্ঠীর বার্ধক্যের গতি পর্যবেক্ষণ করেন তাঁরা। গবেষণায় মানুষের স্থিতিশীল স্বাস্থ্য থেকে বিচ্যুতি মূল্যায়ন করতে রক্তকণিকার সংখ্যা ও দৈনিক হাঁটার পদক্ষেপের পরিবর্তন পর্যালোচনা করা হয়।
গবেষণার তথ্যমতে, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোগ না থাকলেও শরীরের সক্ষমতা কমতে থাকে। বয়স বাড়ার কারণে নানা আঘাতের বিরুদ্ধে শরীরের প্রতিক্রিয়া স্থিতিশীল স্বাভাবিক অবস্থা থেকে অনেক দূরে সরে যেতে পারে। এতে সেরে উঠতে বেশি সময়ের প্রয়োজন হয়। এ বিষয়ে গবেষক হুইটসন জানান, একজন সুস্থ তরুণ দ্রুত খাপ খাইয়ে নিতে দ্রুত শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া তৈরি করতে পারেন। বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এগুলো সামান্য দুর্বল। এসব দুর্বলতা কাটালে মানুষ আরও বেশি আয়ুর দেখা পাবে।
মানুষের আয়ু দ্রুত বৃদ্ধির বিষয়ে বেশ আশাবাদী যুক্তরাষ্ট্রের বার্মিংহামের ইউনিভার্সিটি অব আলাবামার বিজ্ঞানী স্টিভেন অস্টাড। তিনি জানান, ‘মানুষের দীর্ঘায়ু নিয়ে বাজি ধরা যেতে পারে। আয়ু বাড়ানোর সক্ষমতার খুব কাছাকাছি আমরা পৌঁছে গেছি বলে আমার মনে হয়। প্রাণীদের ওপর এবং ক্রমবর্ধমানভাবে মানুষের ওপর অনেক পদ্ধতি আশাব্যঞ্জক ফল দেখিয়েছে।’
তবে শিকাগোর ইউনিভার্সিটি অব ইলিনয়র বিজ্ঞানী জে ওলশানস্কি ‘নেচার ইনডেক্স ২০২৫ এজিং’ শীর্ষক গবেষণা ক্রোড়পত্রে জানান, ‘১৯৯০ সালে আমরা পূর্বাভাস দিয়েছিলাম আয়ু বৃদ্ধির হার কমে যাবে। কারণ, বেশি মানুষ দীর্ঘদিন বাঁচলে বার্ধক্যের অপরিবর্তনীয় শক্তির সংস্পর্শে আসবে। উন্নত বিশ্বে গড় আয়ু স্থবির হয়ে পড়েছে। প্রচলিত চিকিৎসাবিজ্ঞান মানবদেহকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে গেছে। বার্ধক্যের ধরন অপরিবর্তিত থাকলে বর্তমান অবস্থার চেয়ে বেশি দিন বেঁচে থাকার সীমা বাড়ানো যাবে না। মানুষের আয়ু আরও বাড়ানোর একমাত্র পথ হলো বার্ধক্য প্রক্রিয়াকেই ধীর করা। এই কাজে বড় সম্ভাবনা রয়েছে। জৈবিক বার্ধক্য প্রক্রিয়া ধীর করতে পারব বলে আমি খুব আশাবাদী। আমাদের জীবদ্দশাতেই এটি ঘটবে বলে আমার বিশ্বাস। যদিও শেষ পর্যন্ত মূল বিষয় হলো আমরা কত দিন বেঁচে থাকবে তা নয়, মূল বিষয় হলো আমরা কত ভালোভাবে বাঁচবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোষ টিস্যু ও অঙ্গগুলোকে ক্যানসার হৃদ্‌রোগ এবং স্নায়ুর রোগের প্রবণ করে তোলে এমন জৈবিক পরিবর্তন উন্মোচন করাই আমাদের কাজ। নির্দিষ্ট রোগগুলোকে লক্ষ্য করলে আয়ু বাড়তে পারে।’
এ বিষয়ে স্টিভেন অস্টাড জানান, সুস্থ ও ভালোভাবে বেঁচে থাকার বছরগুলো হলো স্বাস্থ্যকর আয়ু। ২০০০ সাল থেকে হৃদ্‌রোগে বয়স-সমন্বিত মৃত্যু এক-তৃতীয়াংশ কমেছে। তবে যাঁরা এতে মারা যান না তাঁরা সাধারণত পুরোপুরি সেরে ওঠেন না। এতে তাঁদের জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ পড়ে।
এক শতাব্দী আগে ইঁদুরের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, সীমিত ক্যালরিযুক্ত খাবার খাওয়ানো প্রাণীরা বেশি দিন বাঁচে। এ বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার পোস্টডক জাহিদা সুলতানোভা বলেন, ইঁদুরের ক্ষেত্রে এটি কাজ করে এবং বার্ধক্য ধীর করে। তিনি বার্ধক্যকে প্রভাবিত করে এমন উপাদান নিয়ে গবেষণা করেন। দীর্ঘায়ু এসব প্রাণীর কোষীয় প্রক্রিয়া কীভাবে পরিবর্তিত হয়েছে তা অধ্যয়ন করে বার্ধক্য সম্পর্কে অনেক তথ্য মিলেছে। ক্যালরি সীমিত প্রাণীদের মধ্যে শনাক্ত হওয়া বেশ কিছু প্রক্রিয়া সুস্থ শতবর্ষী মানুষের মধ্যেও দেখা গেছে।
কেমব্রিজের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বার্ধক্য জীববিজ্ঞানের গবেষক লিওনার্ড গুয়ারেন্তে ও তাঁর সহকর্মীরা এমন একটি প্রক্রিয়া শনাক্ত করেছেন। এটি সার্টুইনস নামের জিন ও সংশ্লিষ্ট প্রোটিনের গুরুত্ব তুলে ধরে। অনেক জীবের মধ্যেই এগুলো রয়েছে বলে এখন জানা গেছে। এ বিষয়ে গুয়ারেন্তে বলেন, এগুলোকে আরও সক্রিয় করলে আপনি আয়ু বাড়াতে পারেন। কিছু শতবর্ষী মানুষের শরীরেও অতিরিক্ত সক্রিয় সার্টুইনস থাকে। দেখা গেছে সার্টুইনস ডিএনএ রক্ষণাবেক্ষণ ও মেরামতে ভূমিকা রাখে। তবে এগুলো এনএডি প্লাস নামের একটি অণুর ওপর নির্ভর করে। বয়সের সঙ্গে সঙ্গে এটি স্বাভাবিকভাবেই কমে যায়। বয়স্ক ইঁদুরের ক্ষেত্রে কোষীয় এনএডি প্লাস মাত্রা বাড়ায় এমন খাদ্যতালিকাগত সম্পূরক সার্টুইনস কার্যকলাপ বাড়াতে পারে। এটি স্বাস্থ্যকর আয়ু ও আয়ুষ্কাল বাড়াতে পারে।
যদিও ইঁদুরের গবেষণায় ফল দেওয়া কোনো সম্ভাব্য বার্ধক্যরোধী গবেষণা ও ওষুধ মানুষের ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বার্ধক্যরোধী ক্ষেত্রে সিনোলাইটিকস নামের একদল ওষুধ এখনো তাদের প্রাক্‌-ক্লিনিক্যাল প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। সিনোলাইটিকস অকার্যকর সেনিসেন্ট কোষ পরিষ্কার করার জন্য তৈরি। এগুলো অনেক টিস্যুতে জমা হয় এবং প্রদাহ সৃষ্টি করে। এর ফলে এই অনুমান তৈরি হয় যে এ ধরনের কোষ বার্ধক্যের মৌলিক চালিকা শক্তি হতে পারে। সিনোলাইটিকসের সম্ভাব্য স্বাস্থ্যকর আয়ু ও আয়ুষ্কালের সুবিধা নিয়ে প্রাণী গবেষণার পর গত পাঁচ বছরে একাধিক ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মানুষের ক্ষেত্রে প্রত্যাশিত সুবিধা দেখাতে এগুলো ব্যর্থ হয়েছে।
মানুষের ওপর বার্ধক্যরোধী হস্তক্ষেপের জন্য সুনির্দিষ্ট চিকিৎসার প্রয়োগে আরও দুই থেকে তিন দশক লাগতে পারে বলে মনে করেন বিজ্ঞানী স্টিভেন অস্টাড। তাঁর ভাষ্যে, দীর্ঘমেয়াদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এমন বিষয়ে আমাদের খুব নিশ্চিত হতে হবে। বিজ্ঞানী ওলশানস্কির মতে, ‘সামনে মানুষের আয়ু বৃদ্ধি তুলনামূলকভাবে সামান্য হবে। বেশির ভাগ মানুষ দীর্ঘায়ু নিয়ে পাটিগণিতের মতো ভাবেন। তবে জৈবিক সময়ে আমরা সূচকীয় স্কেলে কাজ করি। এখনো আমাদের আয়ু ১৫০ বছরে নেওয়া অদ্ভুতভাবে আমাদের নাগালের বাইরে। বিষয়টি অনেকটা উড়োজাহাজে করে মহাকাশে যাওয়ার মতো।’
সূত্র: নেচার ও সায়েন্টিফিক আমেরিকান

Source - www.prothomalo.com ↗