Bangladesh · 2026-11-23 16:04:36

বিজয় দিবসে থার্ড টার্মিনালের যাত্রা, শুরুতে ৪ ফ্লাইট

বিজয় দিবসে থার্ড টার্মিনালের যাত্রা, শুরুতে ৪ ফ্লাইট
বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের (থার্ড টার্মিনাল) কার্যক্রম চালু হচ্ছে। প্রাথমিকভাবে চারটি ফ্লাইট দিয়ে এ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া আগামী ৩০ নভেম্বরের মধ্যে টার্মিনাল পরিচালনার চুক্তি সই করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সিঙ্গাপুর এয়ারলাইনসসহ কয়েকটি এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। তবে টার্মিনালটি পুরোপুরি চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগতে পারে।

টার্মিনাল পরিচালনার চুক্তির শর্ত নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে দেখা গেছে, ১০০ কিলোমিটারের মধ্যে নতুন আরেকটি বিমানবন্দরের প্রয়োজন নেই। পাশাপাশি আগামী ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নির্মাণ করাও কঠিন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই নির্ধারিত শর্ত মেনে নেওয়া হয়েছে।

এতে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন বিমানমন্ত্রী। তিনি জানান, বিমানবন্দরটির প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় নিয়ে এটি উদ্বোধন করা হবে। তবে আগামী ১ ডিসেম্বর কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে না।

Source - www.bd24live.com ↗