বিএনপিতে ফিরে যাওয়ার কোনো আবেদন করেননি এবং আপাতত দলে ফেরার কোনো ইচ্ছাও নেই বলে স্পষ্ট জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বর্তমান অবস্থানে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য শুকরিয়ার শেষ নেই।’
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
পোস্টে রুমিন ফারহানা লেখেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাইছেন, তিনি আবার বিএনপিতে ফিরবেন কি না। তাদের উদ্দেশে তিনি স্পষ্ট করেন, বিএনপিতে ফেরার জন্য কখনো কোনো আবেদন করেননি। এমনকি তাঁর কোনো বক্তব্য বা আচরণেও দলে ফেরার ইঙ্গিত খোঁজার কারণ নেই বলে মনে করেন তিনি।
নিজের বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে রুমিন ফারহানা লেখেন, ‘আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
‘আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই’

পোস্টের সঙ্গে তিনি একটি সংবাদমাধ্যমের ফটোকার্ডও যুক্ত করেন। ২২ নভেম্বর প্রকাশিত ওই ফটোকার্ডে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়।
সেখানে বলা হয়, আসন্ন সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের কেউ কেউ নিজেদের ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাদের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
রিজভীর এই বক্তব্যের প্রেক্ষাপটেই নিজের অবস্থান পরিষ্কার করলেন রুমিন ফারহানা। বিএনপিতে ফেরার বিষয়ে তাঁর কোনো আবেদন বা আগ্রহ নেই—ফেসবুক পোস্টে সেটিই স্পষ্ট করেছেন তিনি।
Source - www.bd24live.com ↗