গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় হাডুডু খেলা আজ আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই বিলুপ্তির পথে। হারিয়ে যাওয়া এই গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উজ্জীবিত করতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে এক জমজমাট হাডুডু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নের মহিষারঘোপ বাজারে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী এই গ্রামীণ খেলা উপভোগ করতে রাতে স্থানীয় উৎসুক ও ক্রীড়াপ্রেমী শত শত দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিলুপ্তপ্রায় হাডুডু প্রতিযোগিতায় প্রধান আকর্ষণ হিসেবে অংশ নেয় পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দী ও আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর হাডুডু দল।
উভয় দলের খেলোয়াড়দের হাড্ডাহাড্ডি লড়াই উপস্থিত দর্শকদের মাঝে উন্মাদনা ছড়িয়ে দেয়। গ্রামীণ ঐতিহ্যের চেনা স্লোগান আর করতালিতে পুরো মহিষারঘোপ বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক আশিকুর রহমান (হৃদয় আশিক)।
গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আলফাডাঙ্গায় জমজমাট হাডুডু প্রতিযোগিতা

আলফাডাঙ্গা সদর ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ শরিফুল ইসলাম সরফেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং এলাকার ক্রীড়াপ্রেমী যুবসমাজ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আশিকুর রহমান (হৃদয় আশিক) বলেন, মাদক ও আধুনিক প্রযুক্তির অপব্যবহার থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা আজ হারিয়ে যেতে বসেছে। এই প্রজন্মকে আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে পরিচয় করাতে এবং শরীর ও মন সুস্থ রাখতে এমন আয়োজন অত্যন্ত জরুরি। তিনি আরও ঘোষণা দেন যে, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় আরও বেশি আকৃষ্ট করতে এবং তাদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে তিনি সবসময় তাদের পাশে থাকবেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
The post গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে আলফাডাঙ্গায় জমজমাট হাডুডু প্রতিযোগিতা appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗