Bangladesh · 2026-11-23 17:10:55

এসো সখা প্রাণের মাঝে

এসো সখা প্রাণের মাঝে
রক্তের সম্পর্কের বাইরেও থাকে প্রাণের বন্ধন। আত্মার সঙ্গে আত্মার এই সম্পর্ককে আমরা বন্ধুত্ব বলি। প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এসো মিলি জলধারায় ২.০’ আমাদেরকে নতুন করে সেই কথা স্মরণ করিয়ে দিল। সারা দেশ থেকে বন্ধুরা এসেছেন। স্বাভাবিকভাবেই সবাই সবার সঙ্গে পরিচিত নন। কিন্তু তাঁদের আন্তরিকতা দেখলে যে কেউ বিস্মিত হবে। দিনের শেষে যখন সন্ধ্যা ছুঁই ছুঁই; অনেকেই এমন জিজ্ঞেস করেছেন, কেউ কফি খাবেন? আমার কাছে টোকেন আছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে এখানে সবাই বন্ধু।
আমরা কয়েকজন তখন লঞ্চের কেবিনের পাশের রেলিং ধরে দাঁড়িয়ে গল্প করছি। একজন বন্ধু এলেন, আমাদেরকে হাসিমুখে জিজ্ঞেস করলেন, আয়োজন কেমন লাগছে? আমাদের ভালোলাগার কথা জানালাম। একজন বন্ধু সামান্য তিক্ততার কথা দুষ্টুমির ছলে বলে দিলেন। মতামত জানতে চাওয়া বন্ধুটি আমাদেরকে ধন্যবাদ জানিয়ে সামনে গেলেন অন্যদের মতামত নেওয়ার জন্য।
ছবি: লেখকের সৌজন্যেতিনতলার এই লঞ্চ যেন ছিল চলমান একটি ছোট বাংলাদেশ। অনেকের কথার মধ্যে আঞ্চলিকতার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছিল। শুনতে ভালো লাগছিল। নাচ, গান আর কবিতা আবৃত্তিও ভালো ছিল। নেচেগেয়ে পুরো লঞ্চ মাতিয়ে রাখেন বন্ধুরা।
বাংলাদেশের জনপ্রিয় লেখকদের একজন আনিসুল হক স্যারের সঙ্গে দেখা হলো। একটা স্মৃতি রেখে দিলাম ওনার সঙ্গে। যাঁরাই ওনার সঙ্গে ছবি তুলতে চেয়েছেন, তিনি হাসিমুখে সাড়া দিয়েছেন। তিনি আমার প্রিয় লেখকদের একজন। তাঁর এই হাসিমাখা আন্তরিকতা ভালো লেগেছে।
ছবি: লেখকের সৌজন্যেএসো মিলি জলধারায় গল্প জমেছিল খোলা হাওয়ায়সকালের নাশতা, দুপুরের খাবার আর বিকেলের স্ন্যাক্সের জন্য সবাইকে টোকেন দেওয়া হয়েছিল। খাবার নিয়ে কোনোরকম ঝামেলা হয়নি। নিয়ম ছিল ‘টোকেন দিবেন, খাবার নিবেন’। আয়োজনজুড়ে এই শৃঙ্খলাই দিনটিকে অনেক সুন্দর করেছিল।
কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে অনেকক্ষণ যানজটে আটকে থাকার কারণে জলধারায় মিলিত হওয়ার জন্য আমাদেরকে মুন্সিগঞ্জের পানি ভবন–সংলগ্ন ঘাট দিয়ে যেতে হয়েছিল। ফিরতি পথে আমরা একই রাস্তায় ফিরেছি। সূর্য তখন ডুবুডুবু অবস্থা। লঞ্চ থেকে ছোট নৌকায় নেমেছি সবাই। লঞ্চে থাকা অন্য বন্ধুরা আমাদেরকে হাত তুলে বিদায় জানাচ্ছেন। মুহূর্তটা আবেগঘন। সামান্য বিষণ্নতা অনুভব করলাম। মনকে আশ্বাস দিলাম, আবার দেখা হবে। আল্লাহ চাইলে দেখা হবেই আবার, ইনশা আল্লাহ।
বন্ধু, কুমিল্লা বন্ধুসভা

Source - www.bondhushava.com ↗