Bangladesh · 2026-11-23 17:54:21

ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু

ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগরে ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পৈতৃক নিবাস জয়নগর গাজীবাড়ি এলাকায়। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আজিজ তার ছোট ছেলের বিয়ের উদ্দেশ্যে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে নিয়ে ভেটখালী এলাকায় যাচ্ছিলেন। পথে পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল আজিজের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুতর আহত হন।

আব্দুল আজিজের এমন মর্মান্তিক মৃত্যুতে গোডাউন মোড় ও জয়নগর গাজীবাড়ি এলাকাসহ আত্মীয়স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Source - www.bd24live.com ↗