Bangladesh · 2026-11-23 17:44:47

আমতলীতে ১ লাখ টাকা ঘুষসহ উপ-সহকারী প্রকৌশলী দুদকের হাতে আটক

আমতলীতে ১ লাখ টাকা ঘুষসহ উপ-সহকারী প্রকৌশলী দুদকের হাতে আটক
বরগুনার আমতলীতে ১ লাখ টাকা ঘুষ গ্রহণকালে পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) মো. রুবেল খানকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস।

আটককৃত রুবেল খান আমতলী পৌরসভায় উপ-সহকারী প্রকৌশলী (পূর্ত) হিসেবে কর্মরত। তিনি আমতলী উপজেলার চন্দ্রা গ্রামের মৃত খালেক খানের ছেলে।

দুদক জানায়, আমতলী পৌরসভার বিউটিফিকেশনের একটি প্রকল্পের কাজ চলছিল। ওই কাজের ঠিকাদার অভিযোগ করেন, উপ-সহকারী প্রকৌশলী রুবেল খান তার কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ দাবি করছেন। ঘুষ না দিলে বিল আটকে দেওয়া এবং কাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টির হুমকি দেওয়া হচ্ছিল।

এই অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে ফাঁদ (ট্র্যাপ) পাতার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে দুদকের প্রায় ১০ জন সদস্য অংশ নেন।

অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে প্রায় ১ লাখ টাকা উদ্ধার করা হয়। আগেই অফিসে বসে ওই টাকার নম্বরসহ ইনভেন্টরি তৈরি করা হয়েছিল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দকৃত টাকার প্রতিটি নোট যাচাই করে দেখা যায়, সেই নম্বরের সাথে হুবহু মিলে গেছে। যার মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি ঘুষ নিয়েছিলেন। ঘটনার ভিডিও দুদকের কাছে রয়েছে।

দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, রুবেল খান শুধু এই ঠিকাদারের কাছ থেকে নয়, পৌরসভায় যত ধরনের প্রকল্প হয়, প্রত্যেকটি কাজ থেকেই ঘুষ গ্রহণ করেন বলে জানা গেছে। ঘুষ গ্রহণ করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ঘুষ নিলে সে যেই হোক, ছাড় পাবে না। আমাদের কানে আসলেই যেভাবেই হোক তাকে ধরা হবে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে দুদক।

Source - www.bd24live.com ↗