Bangladesh · 2026-11-23 17:39:38

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে বদলে গেল ৩৩ হাজারের বেশি ফল

এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে বদলে গেল ৩৩ হাজারের বেশি ফল
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের পর ৩৩ হাজার ৩৪৯টি খাতার ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে কতজন শিক্ষার্থী পাস করেছেন এবং কতজন জিপিএ-৫ পেয়েছেন, তা জানা যাবে শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত বিস্তারিত ফলাফলে।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টার পর দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে।

এবারই প্রথম এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ চালু করা হয়েছে। ফলে শুধু নম্বর যোগ-বিয়োগ বা গণনার ভুল সংশোধন নয়, শিক্ষার্থীদের উত্তরপত্রের মূল্যায়নও নতুন করে পর্যালোচনা করা হয়েছে।

এর আগে গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ৪০ হাজার ৮৪ জন।

ফল প্রকাশের পরদিন ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পান।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য জমা পড়ে।

বোর্ডভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আবেদন পড়ে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এ ছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোর বোর্ডে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লা বোর্ডে ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুর বোর্ডে ৮৯ হাজার ৪২০টি এবং ময়মনসিংহ বোর্ডে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে।

অন্যদিকে বরিশাল বোর্ডে ৫৩ হাজার ৪০৯টি, সিলেট বোর্ডে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা হয়।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল জানতে পারছেন। পাশাপাশি আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমেও ফল পাঠানো হয়েছে।

Source - www.bd24live.com ↗