চলতি মাসে দুটি ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে এখন মৌসুমি স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৩ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার থেকে শীতের আমেজ বাড়ার আভাস, কমবে রাতের তাপমাত্রা

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার (২৬ থেকে ২৮ নভেম্বর) দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ তিন দিন আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
Source - www.bd24live.com ↗