Bangladesh · 2026-11-23 17:23:02

কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি

কার্যকর নয়, তবু অভিযোগ জমেছে দেড় হাজারের বেশি
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কার্যত অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন।
কেউ বই পড়ছেন। কেউবা কাটাচ্ছেন অলস সময়। আবার কেউ কেউ বিকেল চারটার আগেই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
১৬ নভেম্বর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে ওই চিত্র দেখা যায়। অবশ্য কর্মকর্তা–কর্মচারীরা আক্ষেপ করে বললেন, দিনের পর দিন বসে থেকে বেতন নিতে ভালো লাগছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে কমিশন অচল। সীমিত পরিসরে সচেতনতামূলক কার্যক্রম, প্রশিক্ষণসহ দৈনন্দিন কিছু কাজ চলছে। কিন্তু এসব কার্যক্রম দিয়ে কমিশনকে সচল বা কার্যকর বলার সুযোগ নেই। দেশে প্রতিনিয়ত ঘটছে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। এসব দেখেশুনেও কর্মরতদের চুপ করে বসে থাকতে হচ্ছে। কমিশন কার্যকর থাকলে অন্তত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহির একটি জায়গা থাকত।
গত এপ্রিল মাস থেকেই কমিশন ছাড়াই চলছে জাতীয় মানবাধিকার কমিশন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৭ নভেম্বর অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন অবলুপ্ত করে। তখন কমিশনের চেয়ারপারসন ছিলেন কামাল উদ্দিন আহমেদ। ২০২২ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৭ নভেম্বর পর্যন্ত ছিল তাঁর নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ।
প্রায় দেড় বছর অচল থাকার পর গত ফেব্রুয়ারি মাসে কমিশনের চেয়ারপারসন ও চার কমিশনার নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। চেয়ারপারসন করা হয় হাইকোর্টের সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে। তবে অন্তর্বর্তী সরকারের জারি করা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল হওয়ার পর পদত্যাগ করেন ওই কমিশনের সদস্যরা। পরে তাঁরা একটি খোলাচিঠিও লেখেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত ছিল ওই কমিশনের মেয়াদ। এ সময়ে কমিশন কার্যত দায়িত্ব পালনের সুযোগ পায়নি।
রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়২০০৯ সালে জাতীয় মানবাধিকার কমিশন আইনের মাধ্যমে মানবাধিকার কমিশন গঠিত হয়। গত সেপ্টেম্বরে আগের আইন বাতিল করে নতুন জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করেছে সরকার। আইন অনুযায়ী, স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে মানবাধিকার কমিশনের কাজ করার কথা।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ১৮ নভেম্বর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কবে কমিশন গঠন হবে, তা বলছি না, তবে হয়ে যাবে। কাজ চলছে।’
বর্তমানে মানবাধিকার কমিশন অকার্যকর কি না, জানতে চাইলে কোনো মন্তব্য করতে চাননি আইনমন্ত্রী। তিনি শুধু বলেন, ‘নো কমেন্ট।’
গতকাল রোববার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন ও কমিশনার নিয়োগের লক্ষ্য বাছাই কমিটি গঠন করা হয়েছে।
এর আগে ১৬ নভেম্বর জাতীয় মানবাধিকার কমিশনের নির্বাহী পরিচালক (জেলা ও দায়রা জজ) কুদরত-এ-ইলাহী প্রথম আলোকে বলেছিলেন, নতুন আইন হয়েছে। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আগে নতুন কমিশন দায়িত্ব নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।
মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় নেই প্রতিকার
দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেমে নেই। ১০টি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইনে প্রকাশিত খবরের ভিত্তিতে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মব সহিংসতায় (গণপিটুনি ও বিচারবহির্ভূত সহিংসতা) ১৯১ জনের মৃত্যু হয়েছে। জেল হেফাজতে মারা গেছেন ৪৫ জন। বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে ১৯টি। রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১০৬ জন। ধর্ষণসহ বিভিন্ন কারণে ৩১৫ শিশু হত্যার শিকার হয়েছে। দুষ্কৃতকারীদের হাতে খুন, সাংবাদিক হয়রানিসহ ৩৪১টি ঘটনা ঘটেছে। গুমের ঘটনা ঘটেছে একটি।
জমেছে ১ হাজার ৫৩৮ অভিযোগ
গত ৩০ আগস্ট জাতীয় মানবাধিকার কমিশনের উপপরিচালক ফারহানা সাঈদ প্রথম আলোতে প্রকাশিত ‘আন্তর্জাতিক মানসম্পন্ন জাতীয় মানবাধিকার কমিশন কেমন হতে পারে’ শীর্ষক এক মতামত নিবন্ধে লিখেছেন, মানবাধিকার কমিশনের কাজ কোনো অপরাধের তদন্ত করা নয়; বরং রাষ্ট্রের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তদন্ত করে প্রয়োজনীয় সুপারিশ করা। কমিশনের প্রধান দুটি কাজের একটি হলো মানবাধিকার বিষয়ে সচেতনতা তৈরি ও মানবাধিকারের সংস্কৃতি প্রতিষ্ঠা করা। অন্যটি হলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকারের সুপারিশ করা।
কমিশনের নির্বাহী পরিচালক কুদরত-এ-ইলাহী প্রথম আলোকে বলেন, বর্তমানে কমিশনে বিভিন্ন অভিযোগ জমা হচ্ছে। সেসব অভিযোগ নথিভুক্ত করে রাখা হচ্ছে। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এসব অভিযোগের শুনানি করে সিদ্ধান্ত নেবে।
আইন অনুযায়ী, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পেলে কমিশন নিজ উদ্যোগে অথবা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান ও তদন্ত করতে পারে। তদন্তের প্রয়োজনে যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং যেকোনো স্থান, অফিস-আদালত, হাজতখানা বা আটককেন্দ্র পরিদর্শনের ক্ষমতা রয়েছে কমিশনের।
নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি ও অন্যান্য সংকটাপন্ন জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত ও বাস্তবায়নের কার্যক্রম পর্যবেক্ষণ এবং অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্বও কমিশনের। অভিযোগ তদন্তের পাশাপাশি মধ্যস্থতা ও সমঝোতার মাধ্যমে তা নিষ্পত্তি করার সুযোগ রয়েছে। মানবাধিকার সংরক্ষণে সরকারের কাছে সুপারিশও পাঠাতে পারে কমিশন।
অভিযোগ দায়ের বা তথ্য পাওয়ার পর ১৫ দিনের মধ্যে তা আমলে নেওয়ার উপযুক্ত মনে হলে কমিশন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেবে। তদন্ত চলাকালে ভুক্তভোগীকে দ্রুত বিশেষ সহায়তা বা সুরক্ষা দেওয়া না হলে, ভুক্তভোগীর গুরুতর ক্ষতি হতে পারে বলে মনে করলে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অন্তর্বর্তীকালীন সহায়তা, সুরক্ষা বা অন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লিখিত আদেশ দিতে পারে।
জাতীয় মানবাধিকার কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দপ্তর থেকে প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় রয়েছে ৫৩৮টি চলমান অভিযোগ। আর ২০২৪ সালের ৭ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রক্রিয়াধীন অভিযোগের সংখ্যা এক হাজার। সব মিলিয়ে নিষ্পত্তির অপেক্ষায় থাকা অভিযোগের সংখ্যা ১ হাজার ৫৩৮।
প্রতিবছরের ৩১ মার্চের মধ্যে আগের বছরের কার্যক্রম সম্পর্কে একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার কথা কমিশনের। তবে কমিশন সর্বশেষ ২০২৪ সালের ৩১ মার্চ ‘বার্ষিক প্রতিবেদন ২০২৩’ জমা দিয়েছিল। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে আগের বছরের অনিষ্পন্ন অভিযোগসহ মোট ১ হাজার ৫৮টি অভিযোগের মধ্যে ৬৬৫টি নিষ্পত্তি করা হয়েছিল। নিষ্পত্তির হার ছিল ৬২ দশমিক ৮৫ শতাংশ। একই বছর মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন খবরের ভিত্তিতে নিজ উদ্যোগে ১২২টি স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) অভিযোগ গ্রহণ করেছিল কমিশন। এর পর থেকে এ ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
নতুন আইনের ১৯ নম্বর ধারায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এ ধরনের কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ক্ষেত্রে কমিশনের ক্ষমতা আরও স্পষ্ট করা হয়েছে। এ ধরনের অভিযোগে কমিশন নিজ উদ্যোগে বা কোনো আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে প্রতিবেদন চাইতে পারবে। প্রতিবেদনে সন্তুষ্ট না হলে করণীয় সম্পর্কে সুপারিশ পাঠাতে পারবে। সুপারিশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে গৃহীত ব্যবস্থা বা কার্যক্রম সম্পর্কে লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। তা না করলে বা কমিশনের কাছে জবাব সন্তোষজনক মনে না হলে আইনের অভিযোগ নিষ্পত্তির বিধান অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম নিতে পারবে কমিশন।
কমিশনের কর্মকর্তারা বলছেন, আগের আইনে এ ধরনের অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে এই সুযোগ ছিল না। কিন্তু কমিশন না থাকায় নতুন আইনের এই বিধানও কাজে লাগানো যাচ্ছে না।
নতুন ইউনিটের কার্যক্রমও শুরু হয়নি
জাতীয় মানবাধিকার কমিশনে মোট জনবল ৮৭ জন। বর্তমানে কর্মরত আছেন ৭০ জন। ভালো জায়গায় সরকারি চাকরির সুযোগ পেয়ে অনেকেই কমিশনের চাকরি ছেড়ে যাচ্ছেন বলে জানা গেছে।
নতুন আইনে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা ইউনিট গঠনের কথা বলা হয়েছে। এই ইউনিটের প্রধান হবেন কমিশনের চেয়ারপারসন। অন্যান্য সদস্যের পাশাপাশি একজন কমিশনারও এতে দায়িত্ব পালন করবেন।
কারাগার, হাজতখানা, শিশু উন্নয়ন কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হবে এ ইউনিটের অন্যতম দায়িত্ব। এ জন্য সরকার প্রয়োজনীয় জনবল, প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেবে। কমিশনও ইউনিটের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখবে। ইউনিটের আলাদা বার্ষিক প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের নির্যাতন প্রতিরোধবিষয়ক উপকমিটিতে পাঠানোর বিধান রয়েছে। পাশাপাশি ইউনিটের পরিদর্শন ও তদন্তের জন্য নীতিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে আইনে। কিন্তু কমিশন না থাকায় এ ইউনিটের কার্যক্রমও শুরু করা যায়নি।
আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুসমর্থন, মানবাধিকার বিষয়ে নিয়মিত গবেষণা ও গবেষণার ফলাফল প্রকাশসহ কমিশনের আরও বিভিন্ন দায়িত্ব রয়েছে। কমিশন না থাকায় এসব কার্যক্রমও কার্যত বন্ধ।
ঢাকায় প্রধান কার্যালয়ের পাশাপাশি কক্সবাজার, রাঙামাটি, খুলনা ও গোপালগঞ্জে কমিশনের জেলা কার্যালয় রয়েছে। ভাড়া বাড়িতে এসব কার্যালয়ের কার্যক্রম চলে। কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করতে হয় ভাড়া করা গাড়ি। জাতীয় সংসদে উত্থাপিত বাজেটে কমিশনের জন্য বরাদ্দ নির্ধারণ করে সরাসরি অর্থ দেওয়া হয় না। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বার্ষিক বাজেট পায় কমিশন। ২০২৫-২৬ অর্থবছরে কমিশনের জন্য বরাদ্দ ছিল ১০ কোটি টাকা। ২০২৬-২৭ অর্থবছরে বরাদ্দ বেড়ে হয়েছে ১২ কোটি ৯ লাখ টাকা। কমিশনের কর্মকর্তারা জানান, কাজ না থাকায় আগের অর্থবছরের প্রায় অর্ধেক বাজেটই সরকারকে ফেরত দিতে হয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ডে পিছিয়ে বাংলাদেশ
জাতীয় মানবাধিকার সংস্থাগুলোর আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত প্যারিস নীতিমালার সঙ্গে সামঞ্জস্যের ভিত্তিতে গ্লোবাল অ্যালায়েন্স অব ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের সাবকমিটি অন অ্যাক্রেডিটেশন (এসসিএ) বিভিন্ন দেশের কমিশনকে ‘এ’ ও ‘বি’ স্ট্যাটাস দিয়ে থাকে।
দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের জাতীয় মানবাধিকার কমিশন ‘এ’ স্ট্যাটাস পেয়েছে। ভারতের কমিশন দীর্ঘদিন ‘এ’ স্ট্যাটাসে থাকলেও ২০২৫ সালে ‘বি’ করা হয়। বাংলাদেশ ও মালদ্বীপ সব সময়ই ‘বি’ স্ট্যাটাসে রয়েছে।
দৃষ্টি আকর্ষণ করা হলে জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকারকর্মী সারা হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, মানবাধিকার কমিশন অকার্যকর হয়ে আছে। দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তপ্রক্রিয়া চলছে না। সবার পক্ষে আদালত পর্যন্ত যাওয়া সম্ভব হয় না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে তা প্রতিকারে নাগরিক সমাজের বাইরে তেমন আর কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। কাউকে জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না। সব মিলিয়ে দেশে আদালতের পাশাপাশি কমিশন কার্যকর থাকা জরুরি।

Source - www.prothomalo.com ↗