Bangladesh · 2026-11-23 19:54:11

রেয়াজুদ্দিন বাজার ইকবাল স্টোরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রেয়াজুদ্দিন বাজার ইকবাল স্টোরে নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
সামাজিক যোগাযোগের মাধ্যমে চটকদার ভিডিও বিজ্ঞাপনে সয়লাব "ইকবাল স্টোর"। নিজেদের ঐতিহ্যবাহী ও সুখ্যাত প্রতিষ্ঠান দাবিকরা মেসার্স ফজল দিন ইকবাল দিন তথা ইকবাল স্টোর এখন অনলাইনেও তাদের ব্যবসার পরিধি বিস্তার করেছে৷ চট্টগ্রাম নগরীর রেয়াজুদ্দিন বাজারস্থ দোকানে ও অন লাইনে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বিদেশী নানান ব্রান্ডের প্রসাধনী থেকে শুরু করে বিভিন্ন প্রকার ভোগ্য পণ্য৷ অথচ আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সেখানে দেখা মিলেছে ভয়ংকর চিত্র।

সোমবার দুপুর ১টার দিকে রেয়াজুউদ্দিন বাজারের মেসার্স ফজল দিন ইকবাল দিন নামের প্রতিষ্ঠানটিতে (যা "ইকবাল স্টোর" নামেই বেশী পরিচিত) মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রীর পাশাপাশি নকল ডানো ক্রিম দুধ ও নিষিদ্ধ কাশ্মীরি মরিচ পাওয়া গেছে।

এছাড়াও অভিযানে প্রসাধন সামগ্রীর প্যাকেটে আমদানিকারক প্রতিষ্ঠানের কোনো পরিচয় ছিল না। এসব পণ্যের ক্রয়-বিক্রয়ের ভাউচারও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। পরে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্লাহ। তিনি গণমাধ্যমকে বলেন, প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনসামগ্রী এবং নকল খাদ্যপণ্য বিক্রি করছিল। এসব পণ্যে ক্ষতিকর উপাদান থাকার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, একই আভিযানিক দল রেয়াজউদ্দিন বাজারে অভিযান কালে বিক্রির উদ্দেশে ফ্রিজে রান্না করা পচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ মেলায় পূরবী হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে হোটেলটির ফ্রিজ থেকে বাসি সবজি, তরকারি, গ্রিল ও বিরিয়ানি জব্দ করা হয়। পাশাপাশি অন্যের খাওয়ার পর প্লেট থেকে তুলে রাখা ভাতের সঙ্গে মেশানো মাংসও পাওয়া যায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অনিয়ম ধরা পড়ে প্রতিষ্ঠানটিতে।

এছাড়া পোড়া ও অস্বাস্থ্যকর কালো তেল দিয়ে খাবার ভাজার দায়ে বিসমিল্লাহ ঝাল বিতানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ছাড়াও সহকারী পরিচালক আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Source - www.bd24live.com ↗