Bangladesh · 2026-11-23 21:45:24

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার আগামীকাল মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবারের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়ে আজ সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের চিঠি পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।
নাশকতা ঠেকাতে ঢাকা মহানগরসহ দেশের সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা করছে। সামনের দিনগুলোতে হামলার ক্ষেত্রে তারা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে। সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে তাদের। পুলিশ বলছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Source - www.prothomalo.com ↗