Bangladesh · 2026-11-23 21:21:07

এবার এসএমই পুরস্কারজয়ী উদ্যোক্তার স্টলে রিকশাচিত্রের কেটলি থেকে খুদে বুকশেলফসহ নানা পসরা

এবার এসএমই পুরস্কারজয়ী উদ্যোক্তার স্টলে রিকশাচিত্রের কেটলি থেকে খুদে বুকশেলফসহ নানা পসরা
চায়ের কেটলিতে রিকশাচিত্রের রং, কাঠের ছোট্ট বুকশেলফে সাজানো কালজয়ী বইয়ের প্রচ্ছদ, আবার কোথাও দেখা মিলবে লাল দোতলা বিআরটিসি বাস কিংবা হলুদ রঙের ‘সাধারণ পরিবহন’ ট্রাকের ক্ষুদ্র সংস্করণ।
নিত্যদিনের পরিচিত অনুষঙ্গ আর হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে শিল্পের ছোঁয়ায় নতুন রূপ দিয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘ক্রাফটিমেশন’। রাজধানীর আগারগাঁওয়ে চলমান ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ প্রতিষ্ঠানটির স্টল ঘুরে দেখলে মিলবে এমনই সব ব্যতিক্রমী আয়োজন।
এ বছর ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)’ বিভাগে তিনি অর্জন করেছেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় ‘এ-০৮৪’ নম্বর স্টলটি সাজানো হয়েছে রঙিন সব হস্তশিল্প ও গৃহসজ্জার সামগ্রী দিয়ে। লাল, নীল, হলুদ ও সবুজের উজ্জ্বল ব্যবহারে প্রতিটি পণ্যেই ফুটে উঠেছে দেশীয় সংস্কৃতি, লোকশিল্প ও নস্টালজিয়ার ছোঁয়া। আর এই সৃজনশীল উদ্যোগের স্বীকৃতিও পেয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও ফারজানা ইসলাম মৌরী। এ বছর ‘বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা (নারী)’ বিভাগে তিনি অর্জন করেছেন ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’।
রিকশাচিত্রে রঙিন নিত্যদিনের অনুষঙ্গ
ক্রাফটিমেশনের পণ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে বাংলাদেশের লোকশিল্পের পরিচিত মাধ্যম রিকশাচিত্র। চায়ের কেটলি, কাচের গ্লাস, মগ থেকে শুরু করে রোদচশমার ফ্রেম। সবকিছুতেই ফুটিয়ে তোলা হয়েছে রিকশা পেইন্টিংয়ের বর্ণিল নকশা। কোথাও শাপলা, কোথাও পদ্ম কিংবা সূর্যমুখী ফুলের সঙ্গে রয়েছে লতাপাতার কারুকাজ।
পুরোনো দিনের হারিকেন ও কাচের বোতামও বাদ যায়নি এই শিল্পের ছোঁয়া থেকে। পরিচিত এসব সামগ্রী রঙিন নকশায় হয়ে উঠেছে ব্যতিক্রমী গৃহসজ্জার উপকরণ। আবার রোদচশমার ফ্রেমে রিকশাচিত্রের ব্যবহার এনেছে ফ্যাশনে দেশীয় লোকশিল্পের ভিন্ন মাত্রা।
বইপ্রেমীদের জন্য খুদে বুকশেলফ
বই ভালোবাসেন যাঁরা, তাঁদের জন্য স্টলটির অন্যতম আকর্ষণ কাঠের তৈরি ক্ষুদ্রাকৃতির বুকশেলফ। ছোট্ট এই তাকে সাজানো রয়েছে বাংলা ও বিশ্বসাহিত্যের পরিচিত বইগুলোর খুদে সংস্করণ। ‘তিন গোয়েন্দা’, ‘টিনটিন’ থেকে শুরু করে ‘দ্য বুক থিফ’। জনপ্রিয় বইগুলোর প্রচ্ছদ ও মলাটের ক্ষুদ্র সংস্করণ দেখে মনে হবে, যেন আস্ত একটি লাইব্রেরিই জায়গা করে নিয়েছে ছোট্ট তাকে।
বই পড়ার অভ্যাসের পাশাপাশি বই সংগ্রহের শখ যাঁদের রয়েছে, তাঁদের ঘর সাজানোর জন্যও এটি হতে পারে দারুণ একটি অনুষঙ্গ।
শহরের চেনা দৃশ্য, ছোট্ট পরিসরে
শুধু লোকশিল্প নয়, বাংলাদেশের শহুরে জীবনের পরিচিত দৃশ্যও উঠে এসেছে ক্রাফটিমেশনের পণ্যে। লাল রঙের দোতলা বিআরটিসি বাস, হলুদ ‘সাধারণ পরিবহন’ লেখা ট্রাক, সিএনজি অটোরিকশা ও তিন চাকার রিকশার ক্ষুদ্র সংস্করণ তৈরি করা হয়েছে নিপুণভাবে। শহরের চেনা এসব যানবাহনের ছোট্ট রূপ সহজেই ফিরিয়ে আনবে পুরোনো দিনের স্মৃতি।
এ ছাড়া রয়েছে লাল, নীল ও হলুদ রঙের ক্ষুদ্রাকৃতির ডাকবাক্স। চিঠি আদান-প্রদানের সেই সময়ের স্মৃতি মনে করিয়ে দেওয়া এসব সামগ্রীও হতে পারে ঘর সাজানোর ব্যতিক্রমী উপকরণ।
মাটির কারুকাজ থেকে সুগন্ধি মোমবাতি
গৃহসজ্জার সংগ্রহে রয়েছে মাটির সূক্ষ্ম কারুকাজে তৈরি নকশার সিরামিক মগ। কোনো মগে ফুটে উঠেছে সূর্যমুখী বা শাপলা ফুল, আবার কোনোটি সাজানো হয়েছে বাংলা বর্ণমালায়। ফুলের সৌন্দর্যকে ঘরের ভেতর নিয়ে আসতে রয়েছে গোলাপ ও পদ্মের আদলে তৈরি সুগন্ধি মোমবাতিও।
এ ছাড়া কাঠের ওপর খোদাই করা গ্রামবাংলার দৃশ্য, রিকশাচিত্রে রাঙানো ছোট্ট ঢোল এবং বাবুই পাখির বাসার আদলে তৈরি গৃহসজ্জার সামগ্রীও রয়েছে সংগ্রহে। প্রতিটি পণ্যেই দেশীয় নকশা ও ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা চোখে পড়ে।
উপহার কিংবা ঘর সাজাতে
দেশীয় লোকশিল্প, শহরের চেনা দৃশ্য আর নস্টালজিয়াকে একসঙ্গে তুলে ধরা ক্রাফটিমেশনের এসব পণ্য ঘর সাজানোর পাশাপাশি প্রিয়জনকে উপহার দেওয়ার জন্যও হতে পারে ব্যতিক্রমী পছন্দ। বিশেষ করে রিকশাচিত্রের কেটলি, ক্ষুদ্রাকৃতির বুকশেলফ কিংবা শহরের পরিচিত যানবাহনের ছোট সংস্করণ সহজেই নজর কাড়বে।
সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। তাই দেশীয় নকশা ও সৃজনশীল পণ্যের খোঁজে থাকলে ঘুরে আসতে পারেন আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এই মেলা থেকে। ক্রাফটিমেশনের পণ্যগুলো দেখতে যেতে হবে ‘এ-০৮৪’ নম্বর স্টলে।
ছবি: লেখক

Source - www.haal.fashion ↗