Bangladesh · 2026-11-23 20:45:39

বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি

বারবার পরিষ্কারের পরও ভরাট কুতুবখালী খাল, আবার খনন শুরু করল ডিএসসিসি
একাধিকবার পরিষ্কারের পরও পলিথিন ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে রাজধানীর কুতুবখালী খাল। জলাবদ্ধতা কমাতে খালটির দক্ষিণ ও উত্তর অংশে আবার পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী দুই মাসে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি সরানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উত্তর যাত্রাবাড়ীতে এ কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। দক্ষিণ কুতুবখালী খালের দোলাইরপাড়ের গোলাপবাগসংলগ্ন এলাকা থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কার ও পুনঃখনন করা হবে। খালের দুই পাড়ে গাছও লাগানো হবে।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের এই কাজ শেষ হলে খালের পানিপ্রবাহ সচল হবে এবং জলাবদ্ধতা কমবে। সংস্থাটির হিসাবে, এতে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন। জমে থাকা আবর্জনা অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল কমানোও এ উদ্যোগের লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, কুতুবখালী খাল আগেও একাধিকবার পরিষ্কার করা হয়েছে। কিন্তু পলিথিন ও আবর্জনা ফেলায় সেটি বারবার ভরাট হচ্ছে। নাগরিকেরা সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
উত্তর ও দক্ষিণ কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। উত্তর যাত্রাবাড়ী, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬খননের পর খালে আবার আবর্জনা না ফেলা, খালের জায়গা দখল করে দোকানপাট না বসানো এবং খাল ও নালা পরিষ্কারের কাজে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।
ডিএসসিসির আওতাধীন ২২টি খাল পুনরুদ্ধার, পরিষ্কার ও পুনঃখননের বিশেষ কর্মসূচি শুরু হয়েছে ১৬ নভেম্বর। এর অংশ হিসেবে ওই দিন কোনাপাড়া-কদমতলা এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খালের কাজের উদ্বোধন করা হয়।

Source - www.prothomalo.com ↗