Bangladesh · 2026-11-23 23:09:40

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট
দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। আজ সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা চবক।
চুক্তি অনুযায়ী, আজ রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট। আগামী ২৩ মে পর্যন্ত সিসিটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি। ছয় মাসের চুক্তিমূল্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর আগে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়। এরপর বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি সই হয়।
বন্দর ভবনে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের পক্ষে চুক্তিতে সই করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান; আর এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন। সিসিটির নতুন অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিসেস লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান।
জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম প্রথম আলো কে বলেন, ‘সর্বনিম্ন দরদাতা হিসেবে আমাদের পারিবারিক প্রতিষ্ঠানটি ছয় মাসের জন্য সিসিটির অপারেটর হিসেবে নির্বাচিত হয়েছে। বন্দরে কাজ করার ৪০ বছরের অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানটির। আশা করি, বন্দরের সুনাম অক্ষুণ্ন রেখে আমরা কাজ চালিয়ে যেতে পারব।’
যেভাবে নিয়োগ পেল এভারেস্ট
এত দিন প্রতিযোগিতামূলক দরপত্রে টার্মিনালটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির সঙ্গে বন্দরের চুক্তির মেয়াদ ২ নভেম্বর শেষ হয়। নতুন অপারেটর নিয়োগ না হওয়ায় জরুরি ভিত্তিতে আরও তিন সপ্তাহ সাইফ পাওয়ারটেককে কাজ চালিয়ে যেতে বলা হয়েছিল। এর মধ্যে ছয় মাসের জন্য নতুন অপারেটর নিয়োগে ১৭ নভেম্বর সীমিত দরপত্র আহ্বান করে বন্দর কর্তৃপক্ষ। ১৯ নভেম্বর দরপত্র জমা দেয় চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে সর্বনিম্ন ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার দর দেয় এভারেস্ট। মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটিকেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।
এভারেস্ট বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ অপারেটর হিসেবে কাজ করছে। এবারই প্রথম প্রতিষ্ঠানটি সিসিটি পরিচালনার দায়িত্ব পেল। তবে অপারেটর নিয়োগের জন্য দরপত্র আহ্বান থেকে প্রস্তাব জমা পর্যন্ত খুব কম সময় দেওয়ায় শুরু থেকেই প্রক্রিয়াটি নিয়ে বন্দরে আলোচনা ছিল। দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নিলেও বন্দরে বর্তমানে কনটেইনার ওঠানো–নামানোর কাজে অভিজ্ঞ ৯টি প্রতিষ্ঠানের মধ্যে এভারেস্ট ছাড়া আর কেউ দরপত্র জমা দেয়নি।
কী করবে নতুন অপারেটর
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর জন্য চারটি টার্মিনালের একটি সিসিটি। টার্মিনালে একসঙ্গে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানো করা যায়। চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনারের প্রায় ১৬ শতাংশ এই টার্মিনাল দিয়ে ওঠানো–নামানো হয়। নতুন দায়িত্ব পাওয়ার অপারেটর টার্মিনালে গ্যান্ট্রি ক্রেনের সাহায্যে জাহাজ থেকে কনটেইনার ওঠানো–নামানোর কাজ করবে। এরপর আমদানি হওয়া কনটেইনার বন্দর চত্বরে নিয়ে রাখবে। রপ্তানি কনটেইনার জাহাজে তুলে দেবে। সমন্বিত পরিচালনার কাজ করবে নতুন অপারেটর। আগের মতো টার্মিনালটির মাশুল আদায় করবে বন্দর। অন্যদিকে এভারেস্ট পোর্ট সার্ভিসেস প্রতি কনটেইনার ওঠানো–নামানোসহ নানা কাজের জন্য দরপত্রে নির্ধারিত দরে বন্দর থেকে বিল আদায় করবে।
রাত ১২টার পর নতুন অধ্যায়
সিসিটির কার্যক্রম যাতে এক দিনের জন্যও বন্ধ না থাকে, সে জন্য বর্তমান অপারেটরের কাজ শেষ হওয়ার সঙ্গে মিল রেখেই নতুন চুক্তি কার্যকর হচ্ছে। জানতে চাইলে বন্দরসচিব সৈয়দ রেফায়েত হামিম Iপ্রথম আলো কে বলেন, সোমবার (আজ) দিবাগত রাত ১২টার পর সিসিটির পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এভারেস্টের হাতে যাবে।
এত কম সময়ে টার্মিনাল পরিচালনার প্রস্তুতি আছে কি না, জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম Iপ্রথম আলো কে বলেন, ‘আমাদের পারিবারিক প্রতিষ্ঠানের সব প্রস্তুতি আছে। সব ঠিক থাকলে রাত ১২টা থেকে আমরা কাজ শুরু করব।’

Source - www.prothomalo.com ↗