Bangladesh · 2026-11-23 22:08:00

অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে

অনলাইন জুয়ায় আসক্ত ছিল কিশোর, টাকার জন্য হত্যা করে নানিকে
অনলাইন জুয়ায় আসক্ত ছিল ১৬ বছরের কিশোর। জুয়া খেলার টাকার জন্য এক পর্যায়ে নানির স্বর্ণালংকার চুরির ফন্দি আঁটে। সেই পরিকল্পনা গড়ায় হত্যাকাণ্ডে। চাঁদপুর শহরের ভাড়া বাসায় নানি লুৎফুন্নাহারকে (৬৫) হত্যা করে সে। পুলিশের হাতে গ্রেপ্তারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে ওই কিশোর।
গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই কিশোরকে আটক করে পুলিশ। আজ বিকেলে তাকে আদালতে তোলা হলে হত্যার কথা স্বীকার করে সে জবানবন্দি দেয় বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
চাঁদপুর জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার কিশোর নিহত লুৎফুন্নাহারের তৃতীয় মেয়ের বড় ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের জিজ্ঞাসাবাদেও ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার কিশোর অনলাইনে জুয়ায় অভ্যস্ত ছিল। জুয়া খেলার টাকার জন্য নানিকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন একাই সে কৌশলে নানির ভাড়া বাসায় ঢুকে তাঁকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এরপর নানির সোনার মালা, সোনার আংটি, সোনার দুল ও ব্যবহৃত মুঠোফোন নিয়ে পালিয়ে যায় ওই কিশোর।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিহত নারী যে ভবনে থাকতেন, সেই ভবনে গ্রেপ্তার কিশোরকে নিয়ে যায় পুলিশ। ভবনের সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে নিজ হাতে সেই হত্যাকাণ্ডে ব৵বহৃত ছুরি বের করে। এ ছাড়া নিজ বাড়ির শয়নকক্ষে রাখা স্টিলের আলমারির নিচ থেকে বের করে তার নানির স্বর্ণালংকার। এসব পুলিশ জব্দ করেছে। মুঠোফোনটি লেকে ফেলে দেওয়া হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত নয়টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার ভাড়া বাসায় লুৎফুন্নাহারকে হত্যা করা হয়।
এজাহারে বাদী উল্লেখ করেন, নিহত লুৎফুন্নাহার চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া এলাকার বাসিন্দা। তাঁর চার মেয়ে ও এক ছেলে। মেয়েরা বিবাহিত এবং ছেলে জাপানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় গত ৩০ অক্টোবর থেকে তাঁকে শহরের নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি বাসায় ভাড়া রাখা হয়।
লুৎফুন্নাহার হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর এক মেয়ে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গতকাল রোববার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় মায়ের সঙ্গে মুঠোফোনে বাদীর কথা হয়। পরে রাতে মায়ের ফোন বন্ধ পেয়ে তিনি ওই ভবনের দারোয়ান দেলোয়ার হোসেন গাজীকে ফোন করে মাকে ডেকে দেওয়ার অনুরোধ করেন। দারোয়ান ফ্ল্যাটের সামনে গিয়ে দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে ঢুকে লাইট জ্বালালে শয়নকক্ষের খাটের ওপর লুৎফুন্নাহারের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর হাত–মুখ বাঁধা এবং পরনের ওড়না জানালার সঙ্গে প্যাঁচানো অবস্থায় ছিল।
দারোয়ানের চিৎকারে আশপাশের ভাড়াটিয়া ও বাড়ির মালিক ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পুলিশ ও নিহত লুৎফুন্নাহারের স্বজনদের খবর দেন। স্বজনেরা এসে লুৎফুন্নাহারের গলা কাটা ও বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মায়ের দাফন সম্পন্ন এবং ছোট ভাই জাপান থেকে দেশে ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন বাদী।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্তকাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হত্যাকাণ্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Source - www.prothomalo.com ↗