Bangladesh · 2026-11-23 22:56:48

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেপ্তার
শেরপুরের নালিতাবাড়ীতে ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবলীগকর্মী রকিব হোসেন (৩১) ও শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন স্বাধীনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদেরকে শেরপুর কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রকিব হোসেন পলাশীকুড়া গ্রামের মৃত আবুল কালাম আজাদ (ইন্তাজ আর্মি) এর ছেলে। অপরদিকে রাকিব হোসেন স্বাধীন উপজেলার আন্ধারুপাড়া বারমারী বাজার এলাকার মৃত সাবিজল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে বারমারী বাজারের পশ্চিম দিকে পলাশীকুড়া গ্রামে রকিব হোসেনের বাড়িতে অভিযান চালায় নালিতাবাড়ী থানা পুলিশ। রাত আনুমানিক দেড়টার দিকে পরিচালিত ওই অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রকিব হোসেন ও রাকিব হোসেন স্বাধীনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রোববার আদালতে সোপর্দ করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদক কারবারি রকিব ও স্বাধীনকে গ্রেপ্তারের পর মামলা দায়ের করে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Source - www.bd24live.com ↗