কেউ শরীরে বয়ে বেড়াচ্ছেন আগুনের ক্ষত, কেউ হারিয়েছেন স্বাভাবিকভাবে চলাফেরার ক্ষমতা। দীর্ঘ চিকিৎসার পরও অনেকের পক্ষে আর কর্মজীবনে ফেরা সম্ভব হয়নি। জীবিকার তাগিদে কেউ ঘরে বসে সেলাইয়ের কাজ করছেন, কেউ সংসার চালাতে পুরোপুরি নির্ভর করছেন পরিবারের অন্য সদস্যদের ওপর। ঘটনার পর ১৪ বছর কেটে গেলেও তাজরীন ফ্যাশনসের আহত শ্রমিকদের অনেকের অভিযোগ, তাদের সুচিকিৎসা, পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।