Bangladesh · 2026-11-24 01:25:32

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের
মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিদাতা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, আইসিজের রায় মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আদালতের সিদ্ধান্তসহ আন্তর্জাতিক আইনের অধীন সব বাধ্যবাধকতা পালনের জন্যও দেশটির প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।
জেনোসাইড কনভেনশনের অধীন গাম্বিয়ার করা মামলায় গত ১৯ নভেম্বর রায় দেন আইসিজে। রায়ে বলা হয়, ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে জেনোসাইড চালিয়েছে মিয়ানমার। জোনেসাইড প্রতিরোধ, অপরাধীদের শাস্তি দেওয়া এবং এ-সংক্রান্ত বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দেশটি।
যৌথ বিবৃতিতে ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আইসিজের এই রায় রোহিঙ্গা নিপীড়নের ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি মিয়ানমারে চলমান নৃশংসতায় ক্ষতিগ্রস্ত সবার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
পররাষ্ট্রমন্ত্রীরা আরও বলেন, রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের এই রায় স্পষ্ট বার্তা দিচ্ছে, এ ধরনের অপরাধ করে দায়মুক্তি পাওয়া যায় না। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করা জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
মিয়ানমারের বিরুদ্ধে রায় বাস্তবায়ন কোন পথেরোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ভুক্তভোগী ও বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি নিজেদের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার পথে মিয়ানমারের সব মানুষের প্রতিও সমর্থন জানান তাঁরা।
এদিকে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে আইসিজের রায়ের ফলকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। তাদের বক্তব্য, ৯–৬ ভোটে দেওয়া এ রায় সর্বসম্মত নয়; রায়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করতে সময় নেবে দেশটি।
আইসিজের রায়ে বাংলাদেশ কীভাবে ফল পেতে পারেরোহিঙ্গাদের নিয়ে রায় বাস্তবায়ন করবে কেআইসিজে জেনোসাইডের রায় দেওয়ার পর রোহিঙ্গারা কি মিয়ানমারে ফিরতে পারবে

Source - www.prothomalo.com ↗