মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন স্ত্রী। এ নিয়ে স্বামীর সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। একপর্যায়ে ক্ষুব্ধ স্বামী খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ধারালো দা দিয়ে স্ত্রীর বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেন।
রোববার (২২ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার একটি ভাড়া বাড়িতে ঘটেছে এ নৃশংস ঘটনা। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসকরা।
আহত তিথীর (৩০) স্বামী বিল্লাল হোসেনের (৪০) বাড়ি নড়াইল সদর থানার মিরাপাড়া এলাকায়। তিনি মৃত পাঞ্জা মিয়ার ছেলে। চাঁচড়া ডালমিল এলাকার ওই ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার রাতে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিথী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল খাটের সঙ্গে দড়ি দিয়ে তিথীর দুই হাত বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তার বাম হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।
মায়ের সঙ্গে ফোনে কথা বলায় খাটে বেঁধে স্ত্রীর কব্জি কাটলেন স্বামী

ঘটনার পর স্বামী নিজেই রাত ১২টা ১০ মিনিটের দিকে তিথীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠান। পরে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর স্বামী ও তার মা অ্যাম্বুলেন্সে করে তিথীকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, তিথীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান মোল্লা বলেন, স্বামী ক্ষুব্ধ হয়ে স্ত্রীর হাতের কব্জি কেটে দিয়েছেন বলে তিনি শুনেছেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
The post মায়ের সঙ্গে ফোনে কথা বলায় খাটে বেঁধে স্ত্রীর কব্জি কাটলেন স্বামী appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗