Bangladesh · 2026-11-24 08:30:00

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী

‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি কঠিন’, হাসপাতাল থেকে লিখলেন অভিনেত্রী
স্তন ক্যানসারের চিকিৎসা চলছে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী উমা শঙ্করীর। ক্যানসার ধরা পড়ার পর কয়েক মাস ধরে চলছে তাঁর চিকিৎসা। কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। অবশেষে শেষ কেমোথেরাপি সেশন সম্পন্ন করেছেন অভিনেত্রী। হাসপাতালের বিছানায় বসে তোলা একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই খবর।
২০ নভেম্বর ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন উমা। ক্যাপশনে লেখেন, ‘কেমোথেরাপি কঠিন ছিল, তবে আমি আরও কঠিন। শেষ ইনফিউশন, জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে প্রথম পদক্ষেপ।’
যেভাবে শুরু হয়েছিল লড়াই
চলতি বছরের জুনের শেষ দিকে নিজের অসুস্থতার খবর প্রকাশ্যে আনেন উমা। তাঁর স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায় শনাক্ত হয়েছে বলে জানান। ২৩ জুন দেওয়া এক আবেগঘন পোস্টে অভিনেত্রী লিখেছিলেন, খবরটি শোনার পর প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। ধাক্কা, অস্বীকার আর অবিশ্বাস—সব মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
তাঁর ভাষায়, ‘কেন আমার সঙ্গে এমন হলো? কেন এখন? এরপর কী হবে?’—এমন অসংখ্য প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথায়। তিনি আরও লিখেছিলেন, কোনো প্রস্তুতি বা সময়ই মানুষকে এমন একটি খবর শোনার জন্য পুরোপুরি তৈরি করতে পারে না।
শুধু নিজের নয়, পরিবারের সদস্যদের কষ্টও তাঁকে নাড়া দিয়েছিল। প্রিয়জনেরা নিজেরা ভয় ও দুশ্চিন্তার মধ্যে থেকেও তাঁকে ভালোবাসা দিয়ে আগলে রাখছিলেন। তাঁদের সেই পরিস্থিতি দেখতে গিয়ে উমার মন আরও ভারী হয়ে উঠেছিল।
তবে কয়েক দিন কান্না ও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার পর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে বাস্তবতা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর স্পষ্ট ঘোষণা ছিল, ভাগ্যের কাছে হার মানবেন না।
কেমোথেরাপি ও ইমিউনোথেরাপির কঠিন দিন
চিকিৎসার বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞতা নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন উমা। গত জুলাইয়ে দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি ও ইমিউনোথেরাপি নেওয়ার সময় একটি পোস্ট দিয়েছিলেন তিনি। সেখানে লিখেছিলেন, প্রতিটি দিন ধরে এগোচ্ছেন। কঠিন দিনগুলো কীভাবে সামলাতে হয়, তা শিখছেন। আবার যেদিন শরীর কিছুটা ভালো থাকে, সেদিনগুলোও উদ্‌যাপন করছেন।
অভিনেত্রীর কথায়, ‘আমার পরিবার সব সময় পাশে থেকেছে। ভক্তদের ভালোবাসা ও সমর্থনের জন্যও কৃতজ্ঞ। আমি নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, সুস্থ হয়ে ওঠার দিকে মনোযোগ দিচ্ছি। এই অগ্রগতি হয়তো নিখুঁত নয়, কিন্তু এটি বাস্তব।’
আগস্টেও চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলেছিলেন তিনি। অসুস্থতার মধ্যেও নিজের বাগানে সময় কাটানোর ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন। চিকিৎসার একঘেয়েমি ও শারীরিক-মানসিক চাপের মধ্যে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যেন তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছিল। তামিল ইন্ডিয়ান এক্সপ্রেস-এর আগস্টের প্রতিবেদনেও উঠে আসে তাঁর সেই সময়ের কথা।
উমা শঙ্করী। ইনস্টাগ্রাম থেকে স্বামী-সন্তানই ছিলেন সাহসের উৎস
এই কঠিন সময়ে স্বামী এইচ দুশ্যন্ত ও ছেলেকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন উমা। স্বামীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছিলেন, সংকটের সময়ে পাশে থাকা এবং নিজেও ভয়-দুশ্চিন্তার মধ্যে থেকেও সাহস জোগানোর জন্য তিনি কৃতজ্ঞ।
ছেলের উদ্দেশে অভিনেত্রী লিখেছিলেন, ‘তোমার সাহসই আমার শক্তি।’ পরিবারের সদস্য, বন্ধু ও ভক্তদের ভালোবাসা তাঁকে লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে বলেও জানান তিনি।
‘কুবেরন’ দিয়ে পরিচিতি, ‘ভালিমাই’ সর্বশেষ ছবি
দক্ষিণ ভারতের চারটি চলচ্চিত্রশিল্পে কাজ করেছেন উমা শঙ্করী। তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড়—চার ভাষার ছবিতেই অভিনয় করেছেন তিনি। ২০০০ সালে তামিল ছবি বীরানাডাই দিয়ে অভিনয়ে অভিষেক। একই বছর ভানাভিল ছবিতেও অভিনয় করেন।
ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনাতবে মালয়ালম ছবির দর্শকদের কাছে তিনি বিশেষভাবে পরিচিত হন ২০০২ সালে মুক্তি পাওয়া ‘কুবেরন’ ছবির মাধ্যমে। দিলীপ অভিনীত এই ছবিতে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর ‘বসন্তমালিকা’, ‘সাফল্যম’ ও ‘ঈ স্নেহতীরথু’ ছবিতেও অভিনয় করেন। তামিল ছবির মধ্যে ‘চোক্কা থাঙ্গাম’ তাঁকে পরিচিতি এনে দিয়েছিল। সেখানে বিজয়কান্তের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন তিনি।
২০০৬ সালে সফটওয়্যার প্রকৌশলী এইচ দুশ্যন্তকে বিয়ে করেন উমা। বিয়ের পর অভিনয় থেকে কিছুটা দূরে সরে যান। পরে টেলিভিশন ধারাবাহিকের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। ২০২২ সালে অজিত কুমার অভিনীত ‘ভালিমাই’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।
উমার পারিবারিক পরিচয়ও চলচ্চিত্রের সঙ্গে জড়িত। তিনি কন্নড় চলচ্চিত্র পরিচালক ডি রাজেন্দ্র বাবু ও অভিনেত্রী সুমিত্রার মেয়ে। তাঁর বোন নক্ষত্রাও অভিনয়ের সঙ্গে যুক্ত।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗