Bangladesh · 2026-11-24 10:59:01

দেশের বাজারে আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে আজ আবারও বেড়েছে স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে বাজুস। একই দিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নতুন দাম বহাল থাকবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে স্বর্ণের প্রধান কাঁচামাল তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণালংকার কেনাবেচার ক্ষেত্রে মজুরি ও ভ্যাটসংক্রান্ত নির্দেশনাও দিয়েছে বাজুস। সংস্থাটি জানিয়েছে, গয়নার নকশা ও ধরন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

পুরোনো অলংকার বদল বা বিক্রির ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং সরাসরি বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এসব লেনদেনের সময়ও আলাদাভাবে ভ্যাট কর্তন করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও নিয়ম কার্যকর থাকবে।

এর আগে, গত ২৩ নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দামও ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়।

বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

Source - www.bd24live.com ↗