Bangladesh · 2026-11-24 13:27:51

মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে

মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে
নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে অন্যতম দীর্ঘ বৈঠক হয়েছে গতকাল সোমবার। পৌনে নয় ঘণ্টার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দুই দফায় তাঁদের মজুরি প্রস্তাব সংশোধন করে জমা দিয়েছে। সংশোধনী প্রস্তাবে শ্রমিকপক্ষ কমিয়েছে ১০ হাজার টাকা, অন্যদিকে মালিকপক্ষ বাড়িয়েছে মাত্র ৮০০ টাকা। এমন অবস্থায় আজ মঙ্গলবার মজুরি বিষয়ে সমঝোতা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
অবশ্য মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দিলেন সেটি প্রকাশ না করার ব্যতিক্রমী সিদ্ধান্তও নিতে দেখা গেছে মজুরি বোর্ডের সভায়, যা গত তিনটি মজুরি বোর্ডে ঘটেনি। মালিকপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক শ্রমিকনেতা।
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল দুপুর পৌনে ১২টায় তৃতীয় সভা শুরু হয়। তার আগে সাংবাদিকদের ছবি ও ভিডিও নেওয়ার সুযোগ দেওয়া হয়। তারপর রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বৈঠকের শুরুতে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন ১৫ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দেন। তারপর শুরু হয় উভয় পক্ষের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার মালিকদের ১৫ হাজার টাকার মজুরি প্রস্তাবকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। অন্যদিকে মালিকপক্ষ শ্রমিকদের ৩২ হাজার টাকার ন্যূনতম মজুরি প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেন। ৯ নভেম্বরের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি এই প্রস্তাব দিয়েছিলেন।
দুপুরে এক দফা বিরতির পর সভা আবার শুরু হয়। এরই মধ্যে বোর্ডের চেয়ারম্যান মালিকদের প্রাথমিক মজুরি প্রস্তাব কত সেটি গণমাধ্যমে না জানানোর প্রস্তাব করেন। মালিকপক্ষ এতে সম্মতি দেয়। পরে মালিকদের মজুরি প্রস্তাব কত তা আনুষ্ঠানিকভাবে না বলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
এদিকে মজুরি বোর্ডের সভা শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যে একাধিক তৈরি পোশাক কারখানার মালিক প্রথম আলোর এই প্রতিবেদককে জানান, সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিলেও তা গণমাধ্যমে প্রকাশ করা হবে না সে বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। তার কারণ অতীতে দেখা গেছে মজুরি বোর্ডে মালিকদের মজুরি প্রস্তাব দেওয়ার পর শ্রমিকেরা তীব্র অসন্তোষ প্রকাশ করেন। এবারও সেই আশঙ্কা থাকায় আগেই এই কৌশল নেওয়া হয়েছে।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি অন্য সদস্যদের নিয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় তিনি বলেন, মালিকেরা কত মজুরি প্রস্তাব করেছে সেটি না বলতে বোর্ডে সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিং শেষে সন্ধ্যার দিকে বোর্ডের সদস্যরা দুপুরে খাবার খান। তারপর আবার সভা শুরু হয়। এই বিরতির আগেই সিদ্ধান্ত হয়, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাঁদের সংশোধিত মজুরি প্রস্তাব দেবেন।
সূত্র জানায়, সন্ধ্যার পর শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার ৩২ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকার ন্যূনতম মজুরির সংশোধিত প্রস্তাব দেন। তখন মালিকপক্ষ ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা থেকে ৫০০ টাকা বৃদ্ধি করে ১৫ হাজার ৫০০ টাকা সংশোধিত প্রস্তাব দেয়। তারপর আবার যুক্তিতর্ক হওয়ার পর শ্রমিকপক্ষের প্রতিনিধি তাঁদের মজুরি প্রস্তাব আরেক দফা কমিয়ে ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা দাবি করেন। তারপর মালিকপক্ষের প্রতিনিধি আরও ৩০০ টাকা বাড়িয়ে প্রস্তাব দেন। তার মানে ১৫ হাজার ৮০০ টাকা মজুরি দিতে রাজি হন তাঁরা। যদিও এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। রাত আটটার দিকে সভা মুলতবি করা হয়।
একাধিক সূত্র জানায়, মালিকপক্ষের প্রতিনিধি ছোট-মাঝারি কারখানার সক্ষমতা কম, তৈরি পোশাকের রপ্তানি হ্রাস, ক্রেতাদের কম দর দেওয়ার প্রবণতা, ভূরাজনৈতিক অস্থিরতা, বাড়তি মজুরির ভাগ ক্রেতারা নিতে চান না ইত্যাদি যুক্তি দেন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রতিনিধি নিত্যপণ্যের অস্বাভাবিক দাম, বাড়িভাড়া বৃদ্ধি ইত্যাদি বিষয়কে সামনে রেখে যুক্তিতর্ক তুলে ধরেন।
মজুরি বোর্ডের কার্যালয়ে আজ বেলা দুইটায় মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হবে। গতকালের সভার শুরুতে শ্রমিক ও মালিকদের মজুরি প্রস্তাবের মধ্যে ব্যবধান ছিল ১৭ হাজার টাকা। তবে গতকাল দিন শেষে সেই ব্যবধান কমে আসে ৬ হাজার ২০০ টাকা। শেষ পর্যন্ত চূড়ান্ত মজুরি কত হবে সেই দর–কষাকষিই আজ হবে।

Source - www.prothomalo.com ↗