ব্যাংক খাতের সংস্কার এখন সময়ের দাবি। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ সংশোধনের জন্য খসড়ায় যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, তা যথার্থ এবং সঠিক বিবেচনাপ্রসূত।
বিগত সরকারের আমলে মন্ত্রী, সংসদ সদস্য এবং মালিকপক্ষের পরিবারের সদস্যদের প্রভাব ব্যাংকিং খাতকে কীভাবে বিপর্যস্ত করেছে, তা আমরা দেখেছি। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রস্তাবিত ধারাগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি এবং পরিবারতন্ত্রের নিয়ন্ত্রণ কিছুটা হলেও কমাবে। যেমন ব্যাংকের পর্ষদে একই পরিবারের সদস্য তিনজনের বদলে দুজনে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে নতুন খসড়ায়।
অন্যদিকে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানোর উদ্যোগও সঠিক। ব্যাংকের পরিচালনা পর্ষদে বিশেষজ্ঞ হিসেবে দক্ষ, সৎ ও যোগ্য ব্যক্তি রাখতে হবে, যা ব্যাংক খাতের জন্য মঙ্গলজনক। তবে স্বতন্ত্র পরিচালক বিষয়টি যেন শুধু স্বতন্ত্র শব্দের মধ্যে সীমাবদ্ধ না থাকে। স্বতন্ত্র পরিচালক হিসেবে দক্ষ ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে হবে।
ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগ সঠিক

ব্যাংকের পর্ষদ সদস্যদের মেয়াদকাল ১২ বছর থেকে ৬ বছরে নামিয়ে আনার প্রস্তাবের যুক্তি আছে। এখানে আমার পর্যবেক্ষণ হলো, এটি যথার্থ। তবে এই ধারার বাস্তবায়ন সতর্কতার সঙ্গে করতে হবে। পুরো পর্ষদ একেবারেই নতুন সদস্যদের দ্বারা গঠিত হলে স্থিতিশীলতা হারানোর একটি ঝুঁকি থাকে। তাই এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের একটি ‘ট্রানজিশন’ সময়কাল থাকা উচিত।
সার্বিকভাবে ব্যাংক খাতে এখন খেলাপি ঋণের বোঝা একটি উদ্বেগের বিষয়। তবে এই বিষয়টিকে চুলচেরা বিশ্লেষণ করা দরকার। খেলাপি ঋণসংক্রান্ত তিনটি বাস্তবতা অনুধাবন করা জরুরি। প্রথমত, খেলাপি ঋণের একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি লুটপাট ও দুর্নীতির প্রতিফলন, যার ভয়াবহতা পতিত সরকারের সময়ে দেখেছি। এটি খেলাপি ঋণের গুরুত্বপূর্ণ একটি বাস্তবতা। কিন্তু এটি একক বাস্তবতা নয়।
দ্বিতীয় বাস্তবতা হলো, অনেকে ঋণখেলাপি হয়ে যান ঋণগ্রহীতার নিয়ন্ত্রণের বাইরের কিছু কারণে। যেমন ঋণ নিয়ে কারখানা করার উদ্যোগ নেওয়া হলো; কিন্তু বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় সম্মতিপত্র পেতে অতিমাত্রায় দীর্ঘসূত্রতা পড়তে হলো। এ কারণেও অনেক ভালো উদ্যোক্তা খেলাপি ঋণের বৃত্তে আটকে যান। এসব ক্ষেত্রে সমাধানমুখী পদক্ষেপের মাধ্যমে ঋণ খেলাপের এই দ্বিতীয় বাস্তবতা মোকাবিলা করা উচিত। বাংলাদেশ ব্যাংকের একটি সাম্প্রতিক সার্কুলারে একটি সমাধানের পথ খোলার চেষ্টা রয়েছে।
তৃতীয় একটি বাস্তবতাও আছে। বাংলাদেশে শিল্পে বিনিয়োগের প্রয়োজনে ঋণ নেওয়ার একমাত্র সূত্র হচ্ছে ব্যাংকিং খাত, এখানে পুঁজিবাজার ও ‘রিস্ক ক্যাপিটালের’ (লাভের আশায় ঝুঁকির নিয়ে বিনিয়োগ) জোগান অনুপস্থিত। এখানে সমস্যা হচ্ছে বিনিয়োগ থেকে আয় শুরু করার জন্য যে ন্যূনতম সময়কাল দরকার, ব্যাংকঋণ পরিশোধের সময়কাল তার সঙ্গে সংগতিপূর্ণ নয়। ব্যাংক চায় স্বল্প সময়েই পরিশোধ (রিপেমেন্ট) শুরু করতে হবে। এ কারণেও অনেকে খেলাপি হয়ে পড়েন। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।
এই তিন বাস্তবতাকে সঠিকভাবে চিহ্নিত করে সে অনুযায়ী পদক্ষেপ সাজানোও ব্যাংক সংস্কারের অন্যতম বিবেচ্য।
হোসেন জিল্লুর রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও নির্বাহী চেয়ারম্যান, পিপিআরসি

Source - www.prothomalo.com ↗