Bangladesh · 2026-11-24 14:51:55

প্রতিটি কফিন খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না: বিজিবি কর্মকর্তার মন্তব্যের ভিডিও ভাইরাল

প্রতিটি কফিন খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না: বিজিবি কর্মকর্তার মন্তব্যের ভিডিও ভাইরাল
বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর-৪৯ ব্যাটালিয়নের এক কর্মকর্তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘প্রতিটা কফিন খুলে দেখা হবে, হাসিনার মাথা আছে কি না।’

সামরিক হেলিকপ্টারে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং তার অনুসারীদের প্রচারণার প্রেক্ষাপটে বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক প্রহরা চলাকালে এই মন্তব্য করেন ওই কর্মকর্তা। সোমবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেনাপোল চেকপোস্ট এলাকার একটি সড়কে বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় কয়েকজন অবস্থান করছেন। এ সময় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ কয়েকজন নেতাকে সীমান্তে সতর্ক পাহারা নিয়ে বিজিবি সদস্যদের সঙ্গে কথা বলতে দেখা যায়। একপর্যায়ে বিজিবির ওই কর্মকর্তাকে আলোচিত মন্তব্যটি করতে শোনা যায়।

এদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন এবং চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশকে কেন্দ্র করে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল বাড়ানো হয়েছে। রাতে সার্চলাইট জ্বালিয়েও সীমান্ত পাহারা দিতে দেখা গেছে।

বিজিবি যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, অবৈধ পথে কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং রাতে টহলের সময় পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। স্থানীয় জনগণের সম্পৃক্ততায় দিন-রাত টহল আরও বাড়ানো হবে জানিয়ে তিনি সীমান্তে কোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার বেনাপোল সীমান্তের বিপরীতে ভারতের পেট্রাপোলে বাংলাদেশের ইসকন নেতা চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ‘হিন্দু সুরক্ষা সমিতি’ ও ‘মতুয়া সম্প্রদায়ের’ কয়েকটি সংগঠন সমাবেশ করে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই সমাবেশে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন রাজনৈতিক নেতা উপস্থিত ছিলেন।

এছাড়া সমাবেশের পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেন।

Source - www.bd24live.com ↗