মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্র এয়ারক্রাফট চেয়ে যে বিবৃতি দিয়েছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিদেশে পলাতক আসামিদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তারা কোনো কর্মকাণ্ড চালাচ্ছেন না। অন্য দেশে তাদের তৎপরতার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে অবহিত করা ছাড়া আর কিছু করার নেই। বিভিন্ন দেশে তাদের কর্মকাণ্ড গণমাধ্যমের মাধ্যমে দেখা যাচ্ছে।
হাসিনাকে আনতে এয়ারক্রাফট চাওয়ার দাবি ‘উন্মাদনা’: চিফ প্রসিকিউটর

তিনি বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা নিজেরাই বিশ্বের কাছে প্রমাণ করছেন যে তারা সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
আওয়ামী লীগের বিচারের বিষয়ে তদন্ত চলছে
সাংগঠনিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, দীর্ঘদিন ধরেই দলটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের আবেদন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।
জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ
সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। দেশের সব টেলিভিশন চ্যানেল এ শুনানি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউল আহসান প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে অভিযোগ রয়েছে, তা শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসেও বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আনুষঙ্গিক সাজাও চাওয়া হবে।
এদিন যুক্তিতর্কের শুনানি দেখতে ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি।
সানজিদা ইসলাম তুলি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে তারা এ লড়াই চালিয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর যুক্তিতর্কের শুনানি দেখতে এসেছেন। সরকারের কাছে তাদের দাবি, ন্যায়বিচার নিশ্চিত করা।
তিনি আরও বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী, ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনো ফিরে আসেননি। গোপন বন্দিশালায় গুমের শিকার ব্যক্তিদের কীভাবে নির্যাতন করা হয়েছে এবং তাদের কী পরিণতি হয়েছে, তা জানতে চান তারা। প্রতিটি গুমের ঘটনার সত্য উদ্ঘাটন ও বিচার দাবি করেন তিনি।
Source - www.bd24live.com ↗