Bangladesh · 2026-11-24 17:50:51

চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ

চার দশকের রক-ঐতিহ্য এবার পোশাকে, ওয়ারফেজের সঙ্গে ব্লুচিজের বিশেষ সংগ্রহ
চার দশকের সংগীতযাত্রা, অসংখ্য জনপ্রিয় গান আর প্রজন্ম পেরিয়ে ছড়িয়ে থাকা ভক্তদের ভালোবাসা, সবকিছু এবার ধরা দিচ্ছে ফ্যাশনে। ওয়ারফেজের সংগীত ঐতিহ্যকে পোশাকে তুলে ধরতে দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ এনেছে বিশেষ সীমিত সংস্করণের সংগ্রহ।
কিছু গান সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে ওঠে প্রজন্মের স্মৃতি। বাংলাদেশের রক সংগীতের ইতিহাসে ওয়ারফেজ তেমনই একটি নাম। চার দশকের বেশি সময় ধরে ব্যান্ডটির গান মুগ্ধ করে রেখেছে বিভিন্ন বয়সের শ্রোতাকে। সেই দীর্ঘ সংগীতযাত্রা ও নিজস্ব পরিচয় এবার উঠে এসেছে ফ্যাশনের নকশায়। দেশের ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজের সঙ্গে যৌথভাবে ওয়ারফেজ নিয়ে এসেছে বিশেষ সীমিত সংস্করণের পোশাক সংগ্রহ। অর্থাৎ, এত দিন যে সংগীত ভক্তদের মনে জায়গা করে নিয়েছে, এবার সেই ভালোবাসার প্রকাশ ঘটবে পোশাকেও।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বনানীতে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেটে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ‘ব্লুচিজ কোলাবোরেশনে ওয়ারফেজ লিমিটেড এডিশন কালেকশন’। এ আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ারফেজের সদস্যরা। সংগীত ও ফ্যাশনের এই ব্যতিক্রমী সংযোগ ঘিরে অতিথিদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। আয়োজন উপলক্ষে ক্রেতাদের জন্য ব্লুচিজের সব পণ্যে রাখা হয়েছিল ২০ শতাংশ বিশেষ ছাড়।
পুরোনো বন্ধুত্ব থেকে নতুন উদ্যোগ
এই কোলাবোরেশনের পেছনে রয়েছে দীর্ঘদিনের বন্ধুত্বের গল্প। একসময় নটর ডেম কলেজের সহপাঠী ছিলেন ওয়ারফেজের প্রতিষ্ঠাতা সদস্য শেখ মনিরুল আলম টিপু এবং ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান। কলেজজীবনে ক্লাস শেষে সিঙাড়া-পুরি খাওয়ার টাকা জোগাড়ের চিন্তা করতেন যাঁরা, সময়ের ব্যবধানে তাঁরাই দাঁড়িয়েছেন এক যৌথ উদ্যোগের মঞ্চে। তাঁদের কথোপকথনে উঠে আসে সেই পুরোনো দিনের নানা স্মৃতি। তখন হয়তো কেউই ভাবেননি, একদিন সংগীত ও ফ্যাশনকে ঘিরে এমন একটি কাজ করবেন।
টিপুর ভাষ্য, টেক্সটাইল ও পোশাকের গুণগত মান সম্পর্কে ব্লুচিজের উদ্যোক্তার অভিজ্ঞতা এবং কাজের প্রতি তাঁর নিষ্ঠা তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মেয়ে সিমিন জামানেরও এ বিষয়ে ভালো বোঝাপড়া রয়েছে। পণ্যের গুণমান বজায় রাখা এবং এ ক্ষেত্রে কোনো আপস না করার বিষয়টি টিপুর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অন্যদিকে, ওয়ারফেজের সংগীতের প্রতি ব্লুচিজের আগ্রহ এবং ব্যান্ডটির একুশে পদক অর্জনসহ নানা বিষয় তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ তৈরি করে। সেই যোগাযোগ থেকেই এগিয়ে যায় এই যৌথ উদ্যোগ।
ব্লুচিজের উদ্যোক্তার কাছে এই কোলাবোরেশন কেবল একটি বাণিজ্যিক উদ্যোগ নয়; বরং পুরোনো বন্ধুদের সঙ্গে আবেগের জায়গা থেকে একসঙ্গে কিছু করার সুযোগ। ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান মতে, ওয়ারফেজের মতো একটি কিংবদন্তি ব্যান্ডের সঙ্গে কাজ করতে পারা তাঁদের জন্য আনন্দের। কারণ, ব্যান্ডটির ভক্ত কোনো নির্দিষ্ট বয়সের গণ্ডিতে সীমাবদ্ধ নন। কিশোর থেকে ষাটোর্ধ্ব, বিভিন্ন বয়সের শ্রোতার কাছে ওয়ারফেজের গান জনপ্রিয়। নতুন প্রজন্মের তরুণদের মধ্যেও রয়েছে ব্যান্ডটির প্রতি বিশেষ ভালোবাসা। এত বিস্তৃত শ্রোতাগোষ্ঠীর কথা মাথায় রেখে সংগ্রহটি তৈরি করাও ছিল তাঁদের জন্য একটি চ্যালেঞ্জ।
দেশীয় ফ্যাশনকে আন্তর্জাতিক পরিচিতি দেওয়ার স্বপ্ন
বাংলাদেশের ফ্যাশনশিল্পকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার লক্ষ্য নিয়েও কথা বলেন ব্লুচিজের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান। তাঁর ভাষ্য, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। বিশ্বের অনেক নামী ফ্যাশন ব্র্যান্ডের পোশাকও তৈরি হয় এ দেশে। অথচ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডের পরিচিতি এখনো তুলনামূলকভাবে সীমিত।
তাঁর স্বপ্ন, বিশ্ব বাংলাদেশকে শুধু পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে নয়, বরং নকশা, সৃজনশীলতা ও পূর্ণাঙ্গ ফ্যাশন সংগ্রহ তৈরির সক্ষমতা থাকা একটি দেশ হিসেবেও চিনুক। সেই লক্ষ্য থেকেই ব্লুচিজের কাজের পরিসর বাড়ানোর চেষ্টা চলছে। শুধু পোশাক তৈরি নয়, নকশা থেকে শুরু করে একটি পূর্ণাঙ্গ সংগ্রহ তৈরির সামর্থ্যও যে বাংলাদেশের রয়েছে, সেই বার্তা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চান তাঁরা। ওয়ারফেজের মতো চার দশকের সংগীত ঐতিহ্য বহনকারী একটি ব্যান্ডের সঙ্গে এই কোলাবোরেশন তাই দেশীয় ফ্যাশনশিল্পের পরিচিতি আরো বাড়ানোর আরেকটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।
সংগীতের ভালোবাসা যখন ফ্যাশনের অংশ
ওয়ারফেজের সদস্য টিপুর কাছেও এই সংগ্রহের আলাদা তাৎপর্য রয়েছে। তাঁর মতে, দীর্ঘদিনের পথচলায় ওয়ারফেজ এখন নিজেই একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে। ব্যান্ডটির ভক্তদের বয়স ও আর্থিক সামর্থ্যও এক রকম নয়। প্রতিষ্ঠিত পেশাজীবী থেকে শুরু করে তরুণ ভক্ত, অনেকেই প্রিয় ব্যান্ডের প্রতি ভালোবাসার স্মারক হিসেবে এই সংগ্রহের পোশাক কিনতে আগ্রহী হবেন বলে মনে করেন তিনি। বাংলাদেশের অন্য কোনো ব্যান্ডকে ঘিরে এভাবে বিশেষ ফ্যাশন সংগ্রহ তৈরি হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত না হলেও উদ্যোগটি নিয়ে তিনি আনন্দিত ও গর্বিত।
আলোচনায় উঠে আসে ফ্যাশনের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বও। ড. মো. কামরুজ্জামানের মতে, একজন মানুষের ব্যক্তিত্ব ও প্রথম পরিচয় তৈরিতে পোশাকের ভূমিকা রয়েছে। অফিস, সভাকক্ষ, পার্টি কিংবা বিমানবন্দর, যেখানেই উপস্থিত হন না কেন, আপনার পোশাক ও উপস্থাপনা অন্যের মনে প্রথম যো ধারণা তৈরি করে। তা বেশ গুরুত্বপূর্ণ। তাঁর প্রত্যাশা, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মানুষের পোশাক ও রুচিতেও যেন এ দেশের ফ্যাশন সচেতনতার পরিচয় ফুটে ওঠে। একই সঙ্গে বাংলাদেশকে একটি ফ্যাশনপ্রেমী দেশ হিসেবেও তুলে ধরা সম্ভব হবে।
ওয়ারফেজের চার দশকের সংগীতযাত্রা আর ব্লুচিজের ফ্যাশন ভাবনার এই মেলবন্ধন তাই কেবল একটি পোশাক সংগ্রহের উন্মোচন নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ্য দিনের বন্ধুত্ব, প্রজন্ম পেরিয়ে টিকে থাকা গানের আবেদন এবং দেশীয় ফ্যাশনকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলার প্রত্যাশা। সংগীতের স্মৃতি ও ভালোবাসাকে দৈনন্দিন পোশাকের অংশ করে তোলার এই বিশেষ সংগ্রহ পাওয়া যাচ্ছে ব্লুচিজের অনলাইন প্ল্যাটফর্ম ও আউটলেটগুলোতে।
ছবি: হাল ফ্যাশন

Source - www.haal.fashion ↗