Bangladesh · 2026-11-24 17:30:03

ফুটবলার প্রতিমার পাশে কিশোর আলো, সুস্থ হয়ে খেলায় ফেরার আশা

ফুটবলার প্রতিমার পাশে কিশোর আলো, সুস্থ হয়ে খেলায় ফেরার আশা
ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় প্রতিমা মুন্ডাকে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তাঁর চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কিশোর আলোর উদ্যোগে চিকিৎসার খরচের ব্যবস্থা হয়। অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন প্রতিমা। এখন অপেক্ষা মাঠে ফেরার।
চলতি বছরের ৫ আগস্ট বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুতে চোট পান প্রতিমা। দৌড়াতে গিয়ে পড়ে যাওয়ার পর হাঁটুতে ব্যথা শুরু হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।
সপরিবারে প্রতিমা এখন থাকেন সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় খুলনার কয়রা উপজেলায় বাড়িঘর হারায় পরিবারটি। এরপর সাতক্ষীরা সদর উপজেলার শাল্লা গ্রামে আশ্রয় নেন তাঁরা। এক বছর পর একটি বেসরকারি সংস্থা তালার দুর্গাপুর গ্রামে তাঁদের তিন শতাংশ জমি কিনে দেয়। সেখানে ঘর তৈরি করে বসবাস শুরু করেন তাঁরা।
প্রতিমার পরিবার জানায়, তাঁর বাবা শ্রীমন্ত মুন্ডা দিনমজুর এবং মা সুনিতা মুন্ডা কৃষিশ্রমিক। দুজনের মাসিক আয় পাঁচ থেকে সাত হাজার টাকার বেশি নয়। ফলে মেয়ের অস্ত্রোপচারের খরচ জোগাড় করা তাঁদের পক্ষে সম্ভব ছিল না। আর্থিক সহায়তার জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও আবেদন করেছিলেন তাঁরা।
প্রতিমার ফুটবলার হয়ে ওঠার পেছনে ভূমিকা রয়েছে সাতক্ষীরার প্রশিক্ষক খন্দকার আরিফ হাসানের। ২০১৯ সালের দিকে একটি ফুটবল টুর্নামেন্টে প্রতিমার খেলা দেখে তাঁকে প্রশিক্ষণের প্রস্তাব দেন তিনি। পরে নিজের বাসায় রেখে তাঁর প্রশিক্ষণ, খাওয়াদাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করেন। এরপর প্রতিমাকে বিকেএসপিতে ভর্তি করান।
প্রতিমার অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানতে পেরে সহযোগিতার উদ্যোগ নেন আরিফ হাসান। তাঁর মেয়ে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকারের মাধ্যমে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করেন।
আনিসুল হক জানান, প্রতিমার চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ১ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা পরিশোধ করা হয়েছে। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৌজন্যে এ সহযোগিতা দেওয়া হয়েছে।
১৫ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রতিমার হাঁটুর অস্ত্রোপচার হয়। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরেছেন। আগামী ২৯ নভেম্বর ঢাকায় গিয়ে সেলাই কাটানোর কথা রয়েছে তাঁর। এরপর বিকেএসপিতে ফিরবেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের হয়ে খেলেছেন প্রতিমা। ভারতের পাশাপাশি ভিয়েতনাম ও নেপালেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলেছেন তিনি। স্বপ্ন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর।
প্রতিমা বলেন, ‘সিনিয়রদের জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমার বিশ্বাস আছে, আমি আবার ফিরতে পারব।’ চিকিৎসার খরচ জোগাড় করে দেওয়ায় কিশোর আলো ও ফরিদুর রেজা সাগরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Source - www.prothomalo.com ↗