নেত্রকোনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় দুটি বাস ও একটি ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি চারটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নেত্রকোনা সদর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, নেত্রকোণা ও পরিবেশ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫’ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাফরুল ইসলাম। এতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় নেত্রকোনা থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।
নেত্রকোনায় হাইড্রোলিক হর্নবিরোধী অভিযান, তিন যানবাহনকে জরিমানা

অভিযানকালে চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার সাঁটানো হয়।
পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, শব্দদূষণ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের ব্যবহার সাধারণ মানুষের জন্য মারাত্মক ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
Source - www.bd24live.com ↗