ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনো আসবে না।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের যারা নির্ভীক নেতাকর্মী আছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখেন—শেখ হাসিনার দেশে ফেরার কথা থাকলে একজন নেতাও কেন দেশে আসছেন না।
তিনি বলেন, ডিসেম্বর যত এগিয়ে আসবে, ততই দেখবেন আওয়ামী লীগের নেতারা লন্ডন-আমেরিকায় বসে নানা অজুহাত তৈরি করছেন। কারও ক্যানসার হবে, কারও পেটব্যথা বা ডায়রিয়া হবে, আবার কারও মেয়ের বা ছেলের বিয়ে বিদেশের বিভিন্ন জায়গায় থাকবে।
যাব না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে কখনো আসে না: হাসনাত

শেখ হাসিনার কথায় দেশের কোনো মানুষ রাস্তায় নেমে আসবে না বলেও মন্তব্য করেন কুমিল্লার এই সংসদ সদস্য। তিনি বলেন, হাসিনার পক্ষে কেউ রাস্তায় আসছে না, আসেওনি। সীমান্তের ওপার থেকে একটি কথা বলা হয়, আর এপারে কিছু উচ্ছৃঙ্খল কর্মী আবেগের বশবর্তী হয়ে নিজেরাই ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল ফাটায়। অথচ নেতারা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘যাব না বলে যে চলে যায়, আসি আসি বলবে সে কখনো আসবে না। এগুলো হচ্ছে পলিটিক্যাল স্ট্যান্ড। আর আপনার আপা, এই আপা কোনো দিনও আসবে না। তাদের রিমোট কন্ট্রোল কোথায়, সেটা আমরা জানি। যদি তিনি দেশে আসতেন, তাহলে তার নেতারা আগে দেশে আসতেন।’
Source - www.bd24live.com ↗