গান, কবিতা, নৃত্য আর প্রাণবন্ত আড্ডায় উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে উদ্যাপিত হয় প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১১ নভেম্বর বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দিনাজপুর বন্ধুসভা। বন্ধু, শুভানুধ্যায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বন্ধুসভার উপদেষ্টারা মঞ্চে উঠে প্রথম আলো সম্পর্কে নিজেদের অনুভূতি, ভালো লাগা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রত্যেকেই সংক্ষেপে প্রথম আলোর দীর্ঘ পথচলা, সমাজে এর ভূমিকা এবং মানুষের সঙ্গে পত্রিকাটির সম্পর্ক নিয়ে নিজেদের ভাবনা প্রকাশ করেন। তাঁদের কথায় উঠে আসে ২৮ বছর ধরে নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলোর মাথা উঁচু করে এগিয়ে চলার গল্প।
প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের বিকেল: প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
অতিথিদের শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে ফাঁকে চলতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরাও এতে অংশ নেন। শিল্পীদের কণ্ঠে বিভিন্ন ধরনের গান এবং কবিতা আবৃত্তিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চারণ একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনা। তাঁরা দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া গান ও নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় দিনাজপুরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য। স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে এমন পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে বাড়তি আনন্দ ও ভালো লাগার সৃষ্টি করে। সঞ্চালনা করেন পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মুনিরা শাহানাজ চৌধুরী।
অনুষ্ঠান শেষে দিনাজপুর বন্ধুসভার বন্ধুরা
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আবদুল জলিল আহমেদ, ডিসি রায়, শাহজাহান সাজু ও মোস্তাফিজুর রহমান, প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি রাজিউল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, গণমাধ্যমকর্মী মোহাম্মদ ফখরুল রাশেদ, বন্ধুসভার সদস্য ও শুভানুধ্যায়ীরা।
গান, কবিতা, নৃত্য ও আন্তরিক আড্ডার মধ্য দিয়ে প্রথম আলোর ২৮ বছরের পথচলাকে স্মরণ করেন উপস্থিত সবাই। একই সঙ্গে দিনাজপুরের স্থানীয় সংস্কৃতি ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে বন্ধুত্ব ও সৃজনশীলতার এক সুন্দর মিলনমেলায়। সবশেষে দিনাজপুর বন্ধুসভার সভাপতি শবনম মুস্তারিন সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
যুগ্ম সাধারণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা
The post প্রেসক্লাব মিলনায়তনে উৎসবের বিকেল: প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন appeared first on Bangladesh Diplomat | বাংলাদেশ ডিপ্লোম্যাট.
Source - bangladeshdiplomat.com ↗