Bangladesh · 2026-11-24 21:15:57

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি
চুল পড়া ও টাকের সমস্যা সমাধানে আধুনিক চিকিৎসাপদ্ধতির মধ্যে নতুন করে গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি। পাশাপাশি প্লাটিলেট রিচ প্লাজমা (পিআরপি), গ্রোথ ফ্যাক্টর থেরাপি ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আলোচনা হয়েছে চুল ও নখের রোগের আধুনিক চিকিৎসাবিষয়ক ১১তম আন্তর্জাতিক সম্মেলনে।
চুল ও নখের বিভিন্ন রোগনির্ণয়, আধুনিক চিকিৎসা এবং ডার্মাটোসার্জারির সর্বশেষ অগ্রগতি নিয়ে আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সোসাইটি অব ডার্মাটোলজিক সার্জনস অব বাংলাদেশের (এসডিএসবি) উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় ৪৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
সম্মেলনে বিদেশ থেকে চারজন চর্মরোগ বিশেষজ্ঞ অংশ নেন। তাঁরা হলেন থাইল্যান্ডের বেন বুটওয়ং, মিয়ানমারের সু ফিও অং ও ডা. মিও জাও মিন এবং ভারতের সূর্যকান্ত কিষাণরাও হায়াতনাগরকার। সম্মেলনে বেন বুটওয়ং হেয়ার ট্রান্সপ্লান্ট বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের বিভাগীয় প্রধান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম মাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাইদুল ইসলাম বলেন, ত্বকের সব ধরনের রোগ ও সমস্যাই চর্মরোগ বিশেষজ্ঞদের কাজের ক্ষেত্র। তবে এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, এসডিএসবির কার্যক্রম ভবিষ্যতে শুধু চুল ও নখের রোগের মধ্যে সীমাবদ্ধ না থেকে ত্বকের অন্যান্য রোগের চিকিৎসা ও সেবার ক্ষেত্রেও বিস্তৃত হবে। দেশের চর্মরোগ চিকিৎসার উন্নয়নে সংগঠনটির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং এ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ তৈরিতে সংগঠনটির কার্যক্রম গুরুত্বপূর্ণ।
সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘চুল ও নখের রোগের সচেতনতা: ডার্মাটোসার্জারির ক্রমবর্ধমান ভূমিকা’। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ আয়োজনে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, অভিজ্ঞতা বিনিময়, লাইভ ডেমোনস্ট্রেশন ও ব্যবহারিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতি দুই বছর পর পর এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়। এবার সম্মেলনের শুরুতে নখের রোগনির্ণয় ও চিকিৎসা এবং নেইল সার্জারি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তরুণ চিকিৎসকদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে চুল ও নখের বিভিন্ন রোগনির্ণয় ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে মোট ছয়টি সেশন অনুষ্ঠিত হয়। এতে নখের রোগনির্ণয়ে অনাইকোস্কোপি, নখের বায়োপসি ও অপসারণ এবং নখের আশপাশের আঁচিলের চিকিৎসায় ব্লিওমাইসিনের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
চুলের রোগবিষয়ক সেশনে অ্যালোপেশিয়া এরিয়াটা, স্কারিং অ্যালোপেশিয়া, চুল পড়ার চিকিৎসায় এক্সোজোমের ব্যবহার এবং প্যাটার্ন হেয়ার লসের আধুনিক ব্যবস্থাপনা তুলে ধরা হয়। এ ছাড়া অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার (এজিএ) নতুন চিকিৎসাপদ্ধতি, ট্রাইকোস্কোপি ও স্ক্যাল্প বায়োপসির মাধ্যমে রোগনির্ণয়, লো-লেভেল লেজার থেরাপি (এলএলএলটি) এবং চুল পড়ার চিকিৎসায় নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।
সম্মেলনের শেষভাগে হিরসুটিজম বা নারীদের অতিরিক্ত লোমের সমস্যা নির্ণয় ও চিকিৎসার চ্যালেঞ্জ নিয়ে বিশেষ প্লেনারি সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি চিকিৎসকদের আজীবন সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
সম্মেলন নিয়ে এসডিএসবির সভাপতি অধ্যাপক মো. মাহাবুব শাহীন বলেন, চুলের চিকিৎসায় পিআরপি, গ্রোথ ফ্যাক্টর ও এক্সোজোম থেরাপির মতো আধুনিক পদ্ধতি নিয়ে সম্মেলনে আলোচনা হয়েছে। এক্সোজোম থেরাপি চিকিৎসার নতুন পদ্ধতি হিসেবে উঠে এসেছে। এ ছাড়া হেয়ার ট্রান্সপ্লান্টের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
অধ্যাপক মাহাবুব শাহীন আরও বলেন, এবারের সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ চর্মরোগ বিশেষজ্ঞদের আধুনিক চিকিৎসাপদ্ধতি সম্পর্কে প্রশিক্ষিত করা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করা। বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে যাঁরা চিকিৎসা দেন, তাঁদের কাছে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের রোগীরা আরও উন্নত ও সঠিক চিকিৎসা পাবেন বলে তাঁরা আশা করছেন।
সম্মেলনে ডার্মাটোলজিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক এম এ খলিলুর রহমান ও নারগিস আক্তারকে আজীবন সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন এসডিএসবির সাধারণ সম্পাদক অধ্যাপক আয়েশা সিদ্দিকা, অধ্যাপক এস এম বখতিয়ার কামাল, অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান এবং অধ্যাপক সৈয়দ আফজালুল করিমসহ দেশের খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞরা।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেসমীন আক্তার লীনা এবং সম্মেলনের সেক্রেটারি ছিলেন অধ্যাপক মো. রাশিদুল হাসান। সমাপনী বক্তব্যে তাঁরা দেশি-বিদেশি অতিথি, অংশগ্রহণকারী চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানান।

Source - www.prothomalo.com ↗