শিক্ষকদের ভ্রমণ ভাতার টাকা একই তারিখে পৃথক দুইটি বিল করে একেক জনের ২টি করে পৃথক একাউন্টে মোটা অংকের টাকা তুলে আত্মসাতের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। একজনের ২ টি একাউন্ট ব্যবহার করে অভিনব কৌশলে ২০২৪ সালের শিক্ষকদের ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা ৩ শিক্ষক নেতার হাতিয়ে নেয়ার তথ্য পাওয়া গেছে।
ওই বছর ১৮৬ শিক্ষকের তালিকা করে ২ লক্ষ ৬৫ হাজার ৫ শত টাকার একটি বিলে ওই ৩ শিক্ষক নেতাই নিয়েছে ৫৪ হাজার টাকা। অপর বিলটি শুধু ২ জন শিক্ষক নেতার নামে ৩৮ হাজার ৯ শত টাকার বিল করে লুটপাট করা হয়েছে।
এ তথ্য প্রকাশ পাওয়ায় ফুসে উঠেছে বঞ্চিত শিক্ষকরা। উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়েছেন লিখিত অভিযোগ। এ চিত্রটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের। অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ভ্রমণ ভাতার আওতায় ১৮৬ শিক্ষকের নামে ২লক্ষ ৬৫ হাজার ৫ শত টাকার একটি বিল করা হয়। সে বিলে ১৭৫ বিদ্যালয়ের বিপরীতে ১৩১ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ১৫০০ থেকে ২৫০০ টাকা করে ভ্রমণ ভাতা দেয়া হয়েছে। অথচ একই বিলে ৩ জন শিক্ষক নেতা এ. এন মাহমুদ শরীফ, রবিউল ইসলাম ও হেদায়েত হোসেনের নামে ১৮ হাজার টাকা করে ৫৪ হাজার টাকার বিল দেয়া হয়েছে।
তিন শিক্ষক নেতার বিরুদ্ধে ভ্রমণ ভাতার সিংহভাগ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

অন্যদিকে একই তারিখে অপর একটি বিলে ওই ৩ শিক্ষক নেতার মধ্যে প্রভাবশালী দুইজন শিক্ষক নেতা এ. এন মাহমুদ শরীফ, রবিউল ইসলামের নামে আরও ৩৮ হাজার ৯ শত টাকার একটি ভ্রমণ ভাতার বিল দেয়া হয়। সে বিলে আবার ওই ২ শিক্ষক নেতার অন্য দুইটি ব্যাংক একাউন্ট ব্যবহার করে ভ্রমন ভাতার টাকা তোলা হয়েছে। অভিনব কৌশল অবলম্বন করে তৎকালীন শিক্ষা অফিসার নুর মোহাম্মদ ওই ৩ শিক্ষক নেতার পকেটে দিয়েছেন ৯২ হাজার ৯ শত টাকা। ফলে ১৭৫ বিদ্যালয়ের অনুকূলে ভ্রমন ভাতার ৩ লক্ষ ৪ হাজার ৪ শত টাকার মধ্যে ৯২ হাজার ৯ শত টাকাই ওই তিন শিক্ষক নেতার পকেটস্থ হয়েছে। অন্যদিকে ৪১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দূরত্বের কারণে ভাতা দেয়া না হলেও উপজেলা চত্বর থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত বিদ্যালয় খোলাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলামকে ভ্রমণ ভাতা দেয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বিধি অনুযায়ী একজন প্রধান শিক্ষককে মাসিক সমন্বয় সভার জন্য ভ্রমণ ভাতা প্রদান করা হয়। মূলত প্রধান শিক্ষকগণের আসা যাওয়ার খরচ হিসেবে তারা এ ভ্রমণ ভাতা পেয়ে থাকেন। এক্ষেত্রে শিক্ষকগণের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সভার স্থলে আসার জন্য কমপেক্ষ ৯ কিলোমিটার দূরত্ব এবং তাদের বেসিক বেতনের সঙ্গে সমন্বয়পূর্বক নিয়ম অনুযায়ী নির্দিষ্ট হারে ভ্রমণ ভাতার বিল প্রস্তুত করে অফিসে জমা দিতে হয়। পরে বিল করে শিক্ষকদের নিজ নিজ একাউন্টে বিল পাঠানো হয়। কিন্তু ২০২৪ সালের ভ্রমণ ভাতার বিল তৎকালীন শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ও শিক্ষক নেতা এ. এন মাহমুদ শরীফ, রবিউল ইসলাম ও হোদায়েত হোসেন সিন্ডিকেট করে গোপনে ম্যানুয়ালি ভ্রমন ভাতার বিল প্রস্তুত করে মোটা অংকের টাকা নিজেরাই নেন।
ভ্রমণ ভাতা বঞ্চিত একাধিক প্রধান শিক্ষক জানান, শিক্ষক নেতাদের দাপটে শিক্ষা অফিসে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা শিক্ষা অফিসারের যোগসাজোশে ভ্রমণ ভাতাসহ সকল ধরণের ভাতায় অনিয়ম করে আসছে। সরঞ্জাবাড়ী বটতলা সপ্রাবি প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা এ. এন মাহমুদ শরীপ জানান, দুটি একাউন্টে কেন ভাতা দেয়া হয়েছে তা তৎকালীন শিক্ষা অফিসার বলতে পারবেন। আমি বিধি মোতাবেক ভাতা উত্তোলন করেছি। মাগুড়া মাস্টারপাড়া সপ্রাবি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও শিক্ষক নেতা রবিউল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, সাক্ষাতে কথা হবে বলে ফোনটি কেটে দেন।
এ বিষয়ে তৎকালীন শিক্ষা অফিসার নুর মোহাম্মদ জানান, রেকর্ড পত্র না দেখে কিছু বলতে পারবো না। তবে একজন সরকারি চাকুরীজীবি দুইটি একাউন্ড ব্যবহার করতে পারেন বলে দাবী করেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান অভিযোগের বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভাতা বঞ্চিত প্রধান শিক্ষকরা তদন্ত পূর্বক দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছেন।
Source - www.bd24live.com ↗