Bangladesh · 2026-11-24 21:23:16

সেফটি ট্যাংকে নেমে প্রাণ গেল রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের, আহত ২

সেফটি ট্যাংকে নেমে প্রাণ গেল রাজমিস্ত্রি ও স্কুলছাত্রের, আহত ২
সাতক্ষীরার কালিগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিং খোলার কাজ করতে নেমে অক্সিজেন সংকটে প্রাণ হারিয়েছেন এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্র। এ ঘটনায় তাদের উদ্ধারে এগিয়ে এসে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় তারা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে হাতেম শেখের ছেলে আরিফুল ইসলামের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) এবং একই গ্রামের মনি পাড়ের ছেলে আরাফাত হোসেন (১৫)। আরাফাত স্থানীয় মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ভেতরে সেন্টারিং খোলার কাজ চলছিল। এক পর্যায়ে প্রথমে রাজমিস্ত্রি মহানন্দ সরকার ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর ভেতর থেকে তার চিৎকার শুনে তাকে উদ্ধারের জন্য স্কুলছাত্র আরাফাত ট্যাংকের মধ্যে নামলে সেও অক্সিজেন সংকটে আক্রান্ত হয়। পরে দুজনই ট্যাংকের ভেতরে নিস্তেজ হয়ে পড়েন।

এ সময় তাদের উদ্ধারে এগিয়ে আসেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন ও জামাল হোসেনসহ কয়েকজন। কিন্তু ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে গোলাম হোসেন ও জামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তারালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনাম হোসেন জানান, নিহত আরাফাত বরেয়া গ্রামের বাসিন্দা এবং মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত মহানন্দ সরকার পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে দু'জন গোলাম হোসেন ও জামাল হোসেন।

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মহানন্দ সরকারের পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। অন্যদিকে স্কুলছাত্র আরাফাতের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহত দুজনের মরদেহের বিষয়ে ধর্মীয় বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাদের পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।

Source - www.bd24live.com ↗