Bangladesh · 2026-11-24 21:22:47

মামলা করে ফেরার পথেই ফের ছিনতাইয়ের শিকার সাংবাদিক

মামলা করে ফেরার পথেই ফের ছিনতাইয়ের শিকার সাংবাদিক
রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করে ফেরার পথেই আবারও ছিনতাই ও হামলার শিকার হয়েছেন বেসরকারী গণমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগের বার্তা সম্পাদক গাউস রহমান পিয়াস। দ্বিতীয় দফার ঘটনায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ছুরি দেখিয়ে হত্যার হুমকিও দিয়েছে দুর্বৃত্তরা।

সাংবাদিক পিয়াস জানান, গত ১৭ নভেম্বর সকাল ১১টার দিকে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর টোল প্লাজার সামনে প্রথমবার ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় সেদিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৩ নভেম্বর বিকেলে একই ঘটনায় থানায় মামলা করেন তিনি।

তবে মামলা করেও নিরাপত্তা পাননি এই সাংবাদিক। গতকাল রাত সাড়ে ১০টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে ধানমণ্ডি ২৭ নম্বর সড়কের বিপরীত পাশে ধানমণ্ডি বয়েজ স্কুলের গেটের সামনে আবারও ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। স্থানটি শেরেবাংলা নগর থানার আওতাধীন।

পিয়াসের ভাষ্য, দ্বিতীয়বারের ঘটনায় দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং আহত করে। এ সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছুরি দেখিয়ে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

এর আগে ১৭ নভেম্বরের ঘটনায় এক ছিনতাইকারী গাড়ি থেকে নেমে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

পরপর দুইবার ছিনতাই ও হামলার শিকার হয়ে নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গাউস রহমান পিয়াস। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও হতাশা জানিয়েছেন তিনি।

Source - www.bd24live.com ↗