Bangladesh · 2026-11-24 23:21:40

ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির

ডিসেম্বরে ঢাকা দক্ষিণে ফুটবল কাপের পরিকল্পনা ডিএসসিসির
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আগামী ডিসেম্বরে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে। এলাকার ২৪টি থানাকে চারটি অঞ্চলে ভাগ করে প্রতিযোগিতা হবে। স্কুলছাত্রীদের নিয়ে আলাদা একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় এসব পরিকল্পনা জানান ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। সিটি করপোরেশনের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সহযোগিতায় টুর্নামেন্টটি আয়োজন করা হবে।
আয়োজকেরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান করতে চান। সেখানে আতশবাজি, কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজন রাখার বিষয়টি বিবেচনায় আছে। তবে খেলা শুরুর নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচির সঙ্গে সমন্বয় করে খেলার সূচি ঠিক করার কথা বলা হয়েছে।
ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক ফুটবলার ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা টুর্নামেন্টের নীতিমালা তৈরি, খেলোয়াড় বাছাই, দলবিন্যাস ও রেফারিংয়ের দায়িত্বে থাকবেন। স্থানীয় খেলোয়াড়েরা প্রাধান্য পাবেন। প্রতিটি দলে বাইরের এলাকার কতজন খেলোয়াড় থাকতে পারবেন, তা নীতিমালায় নির্ধারণ করা হবে। স্কুলছাত্রীদের প্রতিযোগিতার বয়সসীমা ও অন্যান্য নিয়মও পরে ঠিক হবে।
ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও সবাইকে সম্পৃক্ত করতে চায় সিটি করপোরেশন। এর মধ্য দিয়ে পুরো ঢাকা শহরের মানুষকে একত্রিত করাই অন্যতম লক্ষ্য।
আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণেরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থেকে মাঠমুখী হবেন এবং স্থানীয় পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা বিকাশ ও সম্প্রীতি জোরদার হবে।
সভায় ঢাকা–৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলটির নেতা ও ডিএসসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Source - www.prothomalo.com ↗