Bangladesh · 2026-11-24 22:32:07

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল

ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাল এলআর গ্লোবাল
শেয়ারবাজারে ছয়টি মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। গত ১ জুলাই অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় তহবিলগুলো সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবাল বাংলাদেশের নিয়োগ বাতিল করা হয়। এরপর বিএসইসির ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানটি। আজ মঙ্গলবার বিএসইসির সভায় সেই রিভিউ আবেদনও নাকচ করে দেওয়া হয়।
রিভিউ আবেদন নাকচ হয়ে যাওয়ায় বিএসইসির দিক থেকে ছয়টি মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বাদ পড়ে এলআর গ্লোবাল। যে ছয়টি ফান্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রতিষ্ঠানটি, সেগুলো হলো এনসিসি মিউচুয়াল ফান্ড ওয়ান, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড।
বিএসইসি জানিয়েছে, সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ড বা তহবিলের অর্থ কোয়েস্ট বিডিসি লিমিটেড নামের একটি কোম্পানিতে বিনিয়োগ করে সম্পদ ব্যবস্থাপক এলআর গ্লোবাল বাংলাদেশ। এতে এসব তহবিলের ইউনিটধারীরা আর্থিকভাবে বিপুল ক্ষতির মুখে পড়েন। তাই বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় এসব তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল করা হয়।
* আইন ও বিধিবিধান লঙ্ঘন করে এসব ফান্ড থেকে বন্ধ এক কোম্পানিতে প্রায় ৬৯ কোটি টাকা বিনিয়োগ করে এলআর গ্লোবাল।

* এরই মধ্যে এলআর গ্লোবালের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামকে শেয়ারবাজারে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড গঠিত হয় সংশ্লিষ্ট ফান্ডের উদ্যোক্তা ও সাধারণ বিনিয়োগকারীদের অর্থে। ফান্ডের সেই অর্থ ভালোভাবে বিনিয়োগের মাধ্যমে লাভজনকভাবে পরিচালনার জন্য পেশাদার প্রতিষ্ঠান হিসেবে সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের পরিচালনায় দেওয়া হয়। পেশাদারির ভিত্তিতে এসব ফান্ড পরিচালনার জন্য নির্দিষ্ট হারে ফি বা মাশুল পায় সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। যেহেতু সম্পদ ব্যবস্থাপক হিসেবে ফান্ড পরিচালনার দায়িত্ব সম্পদ ব্যবস্থাপকের হাতে থাকে, তাই সম্পদ ব্যবস্থাপকের ভুল বিনিয়োগ বা অনিয়মের কারণে ফান্ডের আর্থিক ক্ষতি হলে সেই ক্ষতির দায় এসে পড়ে সাধারণ ইউনিটধারীদের ওপর।
বিএসইসি সূত্রে জানা যায়, শেয়ারবাজারে থেকে তালিকাচ্যুত ও কার্যক্রম বন্ধ থাকা সাবেক পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে (পরে নাম বদলে কোয়েস্ট বিডিসি) উল্লিখিত ছয়টি মিউচুয়াল ফান্ড থেকে সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘন করে ৬৮ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়। গত বছরের ২১ অক্টোবর বিএসইসির সভায় বিনিয়োগের সুদাসলসহ ৯০ কোটি টাকা ৩০ দিনের মধ্যে তহবিলে ফেরত আনার নির্দেশ দেওয়া হয়। অর্থ ফেরত আনার এই নির্দেশ পালনে ব্যর্থ হলে এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে মিউচুয়াল ফান্ডের অর্থ নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের জন্য রিয়াজ ইসলামকে পুঁজিবাজারে আজীবনের জন্য নিষিদ্ধ করে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন তৎকালীন কমিশন।
বিএসইসি সূত্রে জানা যায়, ছয়টি তহবিল থেকে কোয়েস্ট বিডিসিতে করা বিনিয়োগের অর্থ এখনো ফেরত আসেনি। এমনকি জরিমানার অর্থও আদায় হয়নি। এ অবস্থায় আজকের সভায় ছয়টি তহবিলের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের আদেশ প্রত্যাহার চেয়ে প্রতিষ্ঠানটির করা রিভিউ আবেদন নামঞ্জুর করে বিএসইসি। নিয়ম অনুযায়ী, এখন ফান্ডগুলোর হেফাজতকারী বা ট্রাস্টি এসব ফান্ড পরিচালনার জন্য নতুন সম্পদ ব্যবস্থাপক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
সূত্র আরও জানায়, গত ১ জুলাই সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালের নিয়োগ বাতিলের সিদ্ধান্তের পর এসব ফান্ডের অধীন পরিচালিত বিও (বেনিফিশিয়ারি ওনার্স) ও ব্যাংক হিসাব জব্দ করা হয়। বর্তমানে এসব হিসাব জব্দাবস্থায় রয়েছে। এসব তহবিলের ট্রাস্টির দায়িত্বে রয়েছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি বা বিজিআইসি।
এদিকে বিএসইসির সভায় এসএমই বোর্ডে বিনিয়োগের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগসীমা কমানো হয়েছে। বর্তমানে এসএমই বোর্ডে সেকেন্ডারি লেনদেনের জন্য ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগসীমা রয়েছে ৩০ লাখ টাকা। অর্থাৎ এসএমই বোর্ডে শেয়ার লেনদেনের জন্য ৩০ লাখ টাকা কম বিনিয়োগের সুযোগ ছিল না ব্যক্তি বিনিয়োগকারীদের। এখন সেই সীমা কমিয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে ন্যূনতম ১০ লাখ টাকা বিনিয়োগে এসএমই বোর্ডে লেনদেন করতে পারবেন ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসি বলছে, বিনিয়োগকারীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়াও সভায় শেয়ারবাজারে তালিকাভুক্ত এ শ্রেণিভুক্ত বা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণাকারী কোম্পানিকে ডিজিটাল ফ্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা বা এজিএম আয়োজনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব কোম্পানি সংশ্লিষ্ট বছরে এ শ্রেণিভুক্ত থাকবে বা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে, শুধু সেসব কোম্পানি অনলাইনে এজিএম করার এই সুযোগ পাবে। যেসব কোম্পানি ৫ শতাংশের কম লভ্যাংশ ঘোষণা করেছে বা এ শ্রেণিভুক্ত নয়, সেসব কোম্পানির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

Source - www.prothomalo.com ↗