সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে হুথি বিদ্রোহীদের হামলায় ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সৌদি আরব, ভারত, নেপাল ও মিসরের নাগরিক রয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের বিবৃতিতে বলা হয়, হামলায় সৌদি আরবের দুই নাগরিক, ভারতের দুই বাসিন্দা, নেপালের তিন বাসিন্দা এবং মিসরের চার বাসিন্দা আহত হয়েছেন। তবে আহতদের শারীরিক অবস্থা কিংবা আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে। এ সময় জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত জরুরি ব্যবস্থা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১

বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ঘটনাটিকে হুথি গোষ্ঠীর চালানো ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে।
এর আগে মঙ্গলবার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছিলেন, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ চালানো হয়েছে।
গত এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে একই আর্থিক জেলায় অবস্থিত টাওয়ারে এটি দ্বিতীয় হামলার ঘটনা।
এর আগে গত বৃহস্পতিবার সৌদি কর্তৃপক্ষ জানায়, হুথিদের হামলায় রাজধানীর আর্থিক জেলার একটি টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবনটির কয়েকটি তলার পাশাপাশি আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
তবে সর্বশেষ হামলায় টাওয়ারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি।
Source - www.bd24live.com ↗